উপকূলীয় এলাকার উন্নয়নে মহাপরিকল্পনা তৈরি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকূলীয় এলাকার উন্নয়নে সরকার মহাপরিকল্পনা তৈরি শুরু করেছে। এই পরিকল্পনার আওতায় সরকারি, বেসরকারি ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলো উপকূলে সহায়তা এবং বিনিয়োগ করবে। গতকাল সোমবার রাজধানীতে শুরু হওয়া এক আন্তর্জাতিক কর্মশালায় উপস্থিত সরকারি প্রতিনিধিরা এ তথ্য জানান।জাতিসংঘের কৃষিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠানগুলোর সংগঠন কনসালটেটিভ গ্রুপ অন ইন্টারন্যাশনাল এগ্রিকালচার রিসার্চ (সিজিআইএআর) একটি হোটেলে দুই দিনের এই কর্মশালার আয়োজন করেছে। ‘গঙ্গা অববাহিকা এলাকার উন্নয়ন চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা প্রকল্পের উদ্বোধন উপলক্ষে এই কর্মশালা হচ্ছে।মৎস্যসম্পদ উন্নয়নবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ফিশ, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি), ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) যৌথভাবে এই গবেষণা প্রকল্প বাস্তবায়ন করবে। বিশ্বের পাঁচটি নদী অববাহিকায় একযোগে এই গবেষণা শুরু হয়েছে।কর্মশালায় জানানো হয়, এই গবেষণার অংশ হিসেবে ওয়ার্ল্ড ফিশ দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের পরিবেশ উপযোগী মাছের জাত উদ্ভাবন করবে। ইরির গবেষকেরা লবণসহিষ্ণু ধানের উন্নত জাত উদ্ভাবন করে কৃষকদের কাছে পৌঁছে দেবে। আইডব্লিউএম সুষ্ঠু পানি ব্যবস্থাপনার ব্যাপারে সহায়তা দেবে। উপকূলীয় জনগোষ্ঠীর জন্য কী ধরনের সহায়তা প্রয়োজন, তা এই কর্মশালার মধ্য দিয়ে চিহ্নিত করা হবে।কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পরিকল্পনা কমিশনের সদস্য সাত্তার মণ্ডল বলেন, উপকূলীয় এলাকার উন্নয়ন করতে হলে সুষ্ঠু পানি ব্যবহারকে সবার আগে গুরুত্ব দিতে হবে। সরকার উপকূলীয় এলাকার উন্নয়নে একটি মহাপরিকল্পনা তৈরি করছে উল্লেখ করে তিনি বলেন, এই পরিকল্পনা প্রণয়নে যুক্তরাষ্ট্র সরকার সহায়তা করছে। পরবর্তী সময়ে পরিকল্পনা অনুযায়ী বিনিয়োগ ও সহায়তার ব্যাপারেও সরকারি ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলো আগ্রহ দেখিয়েছে।সভাপতির বক্তব্যে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বার্ক) নির্বাহী চেয়ারম্যান ওয়ায়েস কবির বলেন, ‘আমরা অনেক সময় মনে করি, ঢাকা শহরই বাংলাদেশের পুরোটা। কিন্তু দেশের পিছিয়ে পড়া অঞ্চল উপকূলের উন্নয়ন না হলে তার নেতিবাচক প্রভাব ঢাকা শহরেও পড়বে। উপকূলে কাজ করা বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় প্রয়োজন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক এনামুল হক বলেন, ভবিষ্যতের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হলে আরও উন্নত জাতের ধান উদ্ভাবন করা প্রয়োজন। কর্মশালায় যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, ভারতসহ বিভিন্ন দেশের বিজ্ঞানীরা অংশ নিচ্ছেন।