চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ক্যানসারের চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে সমুদ্র উপকূলীয় এলাকার মানুষের সংখ্যা বেশি। এসব রোগীর বড় অংশই পাকস্থলী ও ব্লাড ক্যানসারে ভুগছে। ৪১ থেকে ৬০ বছর বয়সী এসব রোগীর মধ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা কিছুটা বেশি।
‘ক্যানসার ম্যাপিং ইন চিটাগং রিজিওন’ (চট্টগ্রাম অঞ্চলের ক্যানসারের চিত্র) শীর্ষক গবেষণার প্রাথমিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গত বছরের ১৫ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা ৬০০ রোগীর ওপর গবেষণা করে বেসরকারি প্রতিষ্ঠান ‘চিটাগং রিসার্চ ইনস্টিটিউট ফর চিলড্রেন সার্জারি।’
গত ৩১ মার্চ চট্টগ্রাম ক্লাবে চিকিৎসাবিষয়ক একটি সেমিনারে এই গবেষণার প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে দেখা যায়, কক্সবাজার সমুদ্র উপকূলীয় এলাকায় ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি, যা মোট রোগীর ৩১ শতাংশ। এরপর ১৫ শতাংশ রোগী পাওয়া গেছে চট্টগ্রামের বাঁশখালী সমুদ্র উপকূলীয় এলাকায়। রোগীদের ৫২ দশমিক ৩৩ শতাংশই নারী।
উপকূলে ক্যানসার রোগী বেশি থাকার কারণ জানতে চাইলে গবেষণা দলের প্রধান ও চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক তাহমিনা বানু বলেন, এর প্রধান একটি কারণ হতে পারে খাদ্যাভ্যাস। উপকূলীয় অঞ্চলের মানুষ শুঁটকি বেশি খায়। শুঁটকিতে নানা ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়। এই রাসায়নিক ক্যানসারের অন্যতম কারণ কি না, সেটি এখনো নিশ্চিত নয়। গবেষণাটি চলমান।
কক্সবাজার অঞ্চলের রোগীদের ক্যানসারে আক্রান্ত হওয়ার ধরনও বিশ্লেষণ করেছেন গবেষকেরা। এর মধ্যে পেট ও পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত রোগী প্রায় ৩০ শতাংশ। ব্লাড ক্যানসারের রোগী ২৭ দশমিক ৫৪ শতাংশ। চট্টগ্রাম জেলায় পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত রোগী ১১ শতাংশ। ব্লাড ক্যানসারের রোগী ২১ শতাংশ।
খাদ্যে বিষক্রিয়া কিংবা রাসায়নিকযুক্ত খাবারে ক্যানসার হতে পারে বলে জানান চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের প্রধান পুষ্টিবিদ হাসিনা আক্তার। তিনি বলেন, উপকূলের লোকজনের মধ্যে আঁশজাতীয় খাবার গ্রহণের প্রবণতা কম। আঁশজাতীয় খাবার ক্যানসারসহ অনেক রোগপ্রতিরোধী। তিনি বলেন, উপকূলের মানুষের খাদ্যতালিকায় শুঁটকি থাকে। বিভিন্ন ধরনের ক্ষতিকর রাসায়নিক শুঁটকিতে মেশানোর অভিযোগ শোনা যায়। এটি হয়ে থাকলে তা স্বাস্থ্যঝুঁকি বাড়াবে।
পুষ্টিবিদেরা জানান, আঁশজাতীয় খাবারের মধ্যে রয়েছে কচুশাক, কলমিশাক, পুঁইশাক, মুলাশাক, ডাঁটাশাক, ঢ্যাঁড়স, বাঁধাকপি, ফুলকপি, গাজর, শিম, পটোল, বেগুন ইত্যাদি। আঁশজাতীয় ফলের মধ্যে রয়েছে বেল, পেয়ারা, আমড়া, নারকেল, গাব, কামরাঙা, আম, কাঁঠাল, আমলকী ইত্যাদি। এসব খাবার ক্যানসারসহ বিভিন্ন রোগ প্রতিরোধে কাজ করে।
গবেষণা দলের সঙ্গে যুক্ত থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের প্রভাষক সুনন্দা বৈদ্য প্রথম আলোকে বলেন, ৬০০ রোগীর ওপর পরিচালিত ওই গবেষণায় দেখা গেছে, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। এটি ২১ শতাংশ। ৫১ থেকে ৬০ বছর বয়সী রোগী ২০ শতাংশ। ৩১ থেকে ৪০ বছর বয়সী রোগী ১৭ শতাংশ। ২১ থেকে ৩০ বছর এবং ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ক্যানসারে আক্রান্ত রোগী পাওয়া গেছে ১৪ শতাংশ করে।
এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের প্রধান মো. মোখলেস উদ্দিন প্রথম আলোকে বলেন, গবেষণায় প্রাথমিকভাবে যে তথ্য-উপাত্ত পাওয়া গেছে, তা নিয়ে আরও বিশদ গবেষণা জরুরি।
গবেষকেরা বলছেন, ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১১ হাজার ৪৫২ জন ক্যানসার আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। গবেষণা দলের প্রধান তাহমিনা বানু বলেন, দেশে যে প্রতিবছরই ক্যানসারের আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, তা চট্টগ্রাম মেডিকেলের চিত্র থেকেও বোঝা যাচ্ছে।