উপকূলীয় এলাকায় মানুষ কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলবায়ুর নেতিবাচক প্রভাবে উপকূলের মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়ায় মানুষ এলাকা ছেড়ে চলে যাচ্ছে। ফাইল ছবি
জলবায়ুর নেতিবাচক প্রভাবে উপকূলের মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়ায় মানুষ এলাকা ছেড়ে চলে যাচ্ছে। ফাইল ছবি

পেশা-সংকটের কারণে দক্ষিণ উপকূলের মানুষের মধ্যে স্থানান্তরের প্রবণতা বাড়ছে। জলবায়ুর নেতিবাচক প্রভাবে উপকূলের মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়ায় মানুষ এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে।

২০১১ সালের পঞ্চম আদমশুমারি অনুযায়ী স্থানান্তরের এ প্রবণতা স্পষ্ট। সর্বশেষ আদমশুমারিতে দেখা যায়, বরিশাল বিভাগের ছয়টি জেলা—বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর ও ঝালকাঠির জনসংখ্যা এখন ৮১ লাখ ৪৭ হাজার। ২০০১ সালে তা ছিল ৮১ লাখ ৭৪ হাজার। অর্থাৎ ১০ বছরে মানুষ না বেড়ে উল্টো ২৭ হাজার কমেছে।

১৯৯১ ও ২০০১ সালে দুটি আদমশুমারির মধ্যবর্তী ১০ বছরে অ-উপকূলীয় এলাকায় জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১ দশমিক ৫৬ শতাংশ। আর উপকূলীয় এলাকায় এ হার ছিল ১ দশমিক ২৯ শতাংশ। ২০১১ সালের পঞ্চম আদমশুমারি অনুযায়ী, উপকূলে এ হার শূন্য শতাংশে পৌঁছায়। জনসংখ্যা ক্রমশ কমতে কমতে শূন্যের কোঠায় পৌঁছানোর পেছনে স্থানান্তর প্রক্রিয়া উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের ধারণা, উপকূলের মানুষের কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়ায় স্থানান্তর বেড়েছে। বিশেষ করে ঘূর্ণিঝড় সিডরে উপকূলের অর্থনীতির প্রধান ক্ষেত্র মৎস্য ও কৃষি খাতে নিযুক্ত পেশাজীবীরা বিপর্যস্ত হয়ে পড়ায় পেশাগত ক্ষেত্রে একধরনের স্থবিরতা দেখা দেয়। এসব কারণে গত কয়েক বছরে বিপুলসংখ্যক পেশাজীবী কাজের সন্ধানে শহরে গেছেন। এই সংখ্যা ক্রমেই বাড়ছে।

দেনার জালে বন্দী জেলে

বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী তীরের জিনতলা গ্রামের মেঠো পথ ধরে দক্ষিণে যেতেই চোখে পড়ে অসংখ্য খুপরি। সিডরে বিধ্বস্ত হওয়ার ১০ বছর পরও তাঁদের ঘর ও জীবিকার বাহন হয়নি।

খুপরির বাসিন্দা জেলে আবদুল কাদের বলেন, ‘বইন্নায় ঘরদুয়ার, জাল-নৌকা গেছে, হ্যারপর আর গড়াইতে পারি নায়’। বলেশ্বরতীরের রুহিতা, জিনতলা, হাজিরখাল, হরিণবাড়িয়া, চরলাঠিমারা, জ্ঞানপাড়া এলাকায় গিয়ে গত কয়েক দিনে এমন অসংখ্য জেলে পরিবারের বিবর্ণ চেহারা দেখা গেছে।

পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুস সাত্তার খান বলেন, জেলে জীবনের প্রথমে যে আড়তদারের কাছ থেকে দাদন নিচ্ছেন, সে দেনা আর পরিশোধ হয় না। বছরে বছরে পাল্লা দিয়ে দেনা বাড়তে থাকে। এতে জেলে-জীবন বন্দী হয় দেনার জালে। চরদুয়ানি ইউপির সদস্য আবদুর রহমান জানান, এ ইউনিয়নে কমপক্ষে ২০ জন জেলে দেনার দায়ে এলাকা ছেড়েছেন।

বরগুনা সদরের নলটোনা ইউপির সাবেক চেয়ারম্যান সফিকুজ্জামান বলেন, তাঁর ইউনিয়নে কমপক্ষে প্রায় ৭০ জন জেলে দেনার দায়ে এলাকা ছেড়েছেন। পাথরঘাটা সদর, বরগুনা সদরের নলটোনা ও বালিয়াতলী; তালতলী উপজেলার বিভিন্ন ইউনিয়নের এমন অন্তত ৪০০ জেলের সন্ধান মিলেছে।

বরিশালের আঞ্চলিক বেসরকারি সংস্থা সংগ্রামের ঋণ বিভাগের কর্মকর্তারা বলেন, বরগুনা ও পটুয়াখালী জেলার ৪৩টি শাখায় ঋণ নিয়েছেন—এমন ৫১৯ ব্যক্তি গত পাঁচ বছরে এলাকা ছেড়েছেন।

অপর ক্ষুদ্রঋণদানকারী বেসরকারি সংস্থা ‘আশা’র বরগুনা জেলা কার্যালয়ের তথ্য বলছে, সিডরের পর থেকে প্রতিবছর জেলায় তাঁদের সংস্থার সদস্যদের মধ্যে অন্তত ১ হাজার ২০০ সদস্য কাজের সন্ধানে অন্যত্র যান। তাঁদের মধ্যে ৬০০-৬৫০ জন ফিরে আসেন, ৫০০ থেকে সাড়ে ৫০০ আর আসেন না।

আশার জেলা ব্যবস্থাপক মুজাহিদুল ইসলাম বলেন, ‘মূলত সিডরের পর পেশায় সংকট সৃষ্টি হওয়ায় স্থানান্তর প্রবণতা আগের তুলনায় আশঙ্কাজনকভাবে বেড়েছে।’

ব্র্যাকের বরগুনা জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল ফারুক বলেন, ২০০৯ সাল থেকে এমন অন্তত ৩০০ ঋণগৃহীতা এলাকা ছেড়েছেন।

পুনর্বাসনে অবস্থা বদলাচ্ছে না

বেসরকারি সংস্থা কোডেকের হিসাবে, সিডরে কমপক্ষে পাঁচ লাখ জেলে ও ২৫ হাজারের বেশি ছোট-বড় নৌকা ক্ষতিগ্রস্ত হয়। মৎস্য বিভাগের হিসাবে, ২ হাজার ৪৭৮টি ইঞ্জিনচালিত নৌকা ক্ষতির শিকার বলা হলেও কী পরিমাণ জেলে ক্ষতিগ্রস্ত তার কোনো তথ্য নেই।

মৎস্য অধিদপ্তর ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনে পৃথক দুটি প্রকল্প বাস্তবায়ন করলেও তাতে অবস্থার তেমন উন্নতি হয়নি।

বরিশাল বিভাগীয় মৎস্য বিভাগ সূত্র জানায়, সিডরে ক্ষতিগ্রস্ত জেলে পুনর্বাসন প্রকল্পের আওতায় ২০১০ সালে বিশ্বব্যাংকের অর্থায়নে তিন বছর মেয়াদি একটি প্রকল্প হাতে নেওয়া হয়। প্রকল্পের আওতায় ১৭৫ জন (পাঁচজনকে একটি) জেলেকে ৩৫টি ছোট ফাইবার গ্লাস নৌকা দেওয়া হয়। সাগরে চলাচল উপযোগী আরও ৫৮টি বড় আকারের ফাইবার গ্লাস নৌকা ও অন্যান্য সরঞ্জাম দেওয়া হয় ৪৬৪ জনকে (১০ জনকে একটি)।

কৃষিতেও বিপর্যয়

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণ উপকূলের জমিতে লবণাক্ততার হার বৃদ্ধি পাওয়ায় কৃষি ব্যবস্থাপনা ও শস্য বিন্যাসে বিরূপ প্রভাব পড়েছে। কৃষি জরিপের তথ্য অনুযায়ী, উপকূলীয় অঞ্চলে প্রায় ১৭ লাখ ৪০ হাজার পরিবারের জীবিকার মূল উৎস কৃষি। লবণাক্ততা, বৈরী আবহাওয়াসহ নানা ঘাত-প্রতিঘাতে কৃষি খাত বিপর্যস্ত হচ্ছে।

বরিশাল বিভাগীয় মৃত্তিকা ইনস্টিটিউটের কর্মকর্তারা বলছেন, দেশের আবাদি জমির ৩০ ভাগই দক্ষিণাঞ্চলে। গেল কয়েক বছরে বরগুনা জেলায় ১৭ হাজার ৪৪০ হেক্টর, পটুয়াখালীতে ৩৬ হাজার, ভোলায় ১৩ হাজার ও ঝালকাঠিতে প্রায় ১ হাজার হেক্টর আবাদি জমি কমে গেছে। এতে ফসল উৎপাদন কমেছে ৩ লাখ ৩৮ হাজার মেট্রিক টন।

জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান হাফিজ আশরাফুল হক প্রথম আলোকে বলেন, ‘স্থানান্তরের বেশ কিছু কারণ আছে। এটা হতে পারে নদীভাঙন, ঋণ ও দেনা পরিশোধ করতে না পারা, অপরাধ এবং দুর্যোগের কারণে পেশার সংকট। তবে দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত বেশির ভাগ মানুষই কিন্তু প্রথমে চেষ্টা করেন টিকে থেকে ঘুরে দাঁড়াতে। যখন সে চেষ্টা ব্যর্থ হয়, তাঁর সামনে কোনো উপায় থাকে না, তখন বাধ্য হন স্থানান্তরে। সিডরের পর এ অঞ্চলে পেশায় সংকট হয়েছে। জলবায়ুগত বৈরিতার কারণেই এ অঞ্চলের স্থানান্তর বেশি হয়েছে।