উপকূলীয় ও পাহাড়ি এলাকা প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও সাগরে অস্বাভাবিক জোয়ারের পানিতে উপকূলীয় এলাকায় শত শত গ্রাম প্লাবিত হয়েছে। পাহাড়ি এলাকায় শুরু হয়েছে ভূমিধস ও উজানের ঢল। এর মধ্যে তলিয়ে গেছে কক্সবাজারের প্রায় সব কটি উপজেলার কয়েক শ গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার হেক্টর জমির ফসল। রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড় ধসে মারিশ্যা-উলুছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ও পটিয়ায় তলিয়ে গেছে প্রায় দুই হাজার ৭০০ হেক্টর জমির ফসল। সীতাকুণ্ডে ক্ষতি হয়েছে ৭০০ একর জমির ফসল এবং ভেসে গেছে ৫০টি চিংড়িঘের।কক্সবাজার: ভারী বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে কক্সবাজারের মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পেকুয়া, সদর ও রামু উপজেলার লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অন্যদিকে সাগর ও নাফ নদের পানি ঢুকে উখিয়া, সদর, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলার আরও এক লাখ মানুষের ঘরবাড়ি প্লাবিত হচ্ছে।মহেশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক জানান, জোয়ারের পানিতে উপজেলার ধলঘাটা, মাতারবাড়ী, কালারমারছড়া, কুতুবজোম, সোনাদিয়া, গোরকঘাটাসহ ২৭ গ্রাম প্লাবিত হচ্ছে।কুতুবদিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী জানান, উপজেলার কৈয়ারবিল, আলীআকবরডেইল, লেমশিখালী, উত্তর ধুরুং ইউনিয়নের ২৫ গ্রামের শত শত ঘরবাড়ি জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে।চকরিয়া: ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে উপজেলার বরইতলী ইউনিয়নের ডেইঙ্গাকাটা, বিবিরখিল, পহরচাঁদা, কাকারা ইউনিয়নের শাহউমরাবাদ, সাকের মোহাম্মদ চর, কৈয়ারবিল, লক্ষ্যারচর, চিরিঙ্গা, হারবাং, খুটাখালী, ডুলাহাজারা, কোনাখালী ও বদরখালী ইউনিয়নের ৮০ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে উপকূলীয় ইউনিয়নগুলোর চিংড়িঘের ও রাস্তাঘাট। ঢলের পানির তোড়ে উপজেলার কাকারা ইউনিয়নের প্রপার কাকারায় পানি উন্নয়ন বোর্ডের মাতামুহুরী তীর সংরক্ষণ বাঁধের একাংশ বৃহস্পতিবার রাতে ভেসে গেছে। নদীর ভাঙন ঠেকাতে সপ্তাহ খানেক আগে সেখানে সিসি ব্লক বসানো হয়েছিল।টেকনাফ: ভারী বর্ষণ ও বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে উপজেলার প্রায় ২৭টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) টেকনাফ অঞ্চলের উপপ্রকৌশলী আবু তালহা বলেন, টেকনাফ উপকূলের বেড়িবাঁধে নতুন নতুন ভাঙন সৃষ্টি হওয়ায় নাফ নদ ও বঙ্গোপসাগর-সংলগ্ন এলাকাগুলো প্লাবিত হচ্ছে। ১৫টি স্থানে নতুন করে ভাঙন দেখা দিয়েছে।বাঘাইছড়ি: গতকাল সকাল নয়টার দিকে উপজেলার কাচালং বাজার এলাকায় মারিশ্যা-উলুছড়ি সড়কের এক পাশে প্রথমে ফাটল দেখা দেয়। এর কিছুক্ষণ পর পাশের টিলা ধসে পড়ে সড়কের ওপর। এতে সড়কের একাংশও ধসে পড়লে মারিশ্যা-উলুছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশিরুল হক ভূঁইয়া এলাকা পরিদর্শন করেন। বাঘাইছড়ি পৌরসভার কাউন্সিলর আবদুল শুক্কুর মিয়া বলেন, টানা বর্ষণের কারণে এই ভূমিধসের ঘটনা ঘটেছে। তবে কেউ হতাহত হয়নি। এ ঘটনার পর পাহাড়ের ওপরে থাকা লোকজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।ইউএনও বশিরুল হক বলেন, বড় ধরনের বরাদ্দ ছাড়া ওই সড়ক মেরামত করা সম্ভব হবে না। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।রাঙ্গুনিয়া: গত চার দিনের টানা বর্ষণে উপজেলার ইছামতী, শিলক নদী ও অভ্যন্তরীণ খালগুলোতে পানি বেড়েছে। এর সঙ্গে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। রাঙ্গুনিয়ার উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা কাজী মো. মাইন উদ্দিন জানান, উপজেলার ১৩টি বিলের প্রায় দেড় হাজার জমির ফসলের খেত নষ্ট হয়েছে।পটিয়া: টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও জোয়ারের পানিতে পটিয়া পৌরসভার একাধিক ওয়ার্ডসহ উপজেলার কুসুমপুরা, আশিয়া, কাশিয়াইশ, বরলিয়া, জঙ্গলখাইন, কোলাগাঁও, ছনহরা, জিরি, কচুয়াই, জুলধা, চরলক্ষ্যা চরপাথরঘাটা, ভাটিখাইনসহ ১৩টি ইউনিয়নে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে তলিয়ে গেছে আউশ ধান ও গ্রীষ্মকালীন শাকসবজি।পটিয়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার প্রায় ১২০০ হেক্টর আউশ ধান ও ৬০ হেক্টর সবজি খেত পানিতে ডুবে গেছে। সরেজমিনে দেখা গেছে, পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পৌর এলাকার প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) থেকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত রাস্তা এবং আমির ভান্ডারের সামনে পটিয়া-কেলিশহর সড়ক ও সুচক্রদণ্ডী সাহিত্য বিশারদ সড়ক পানিতে ডুবে আছে।সীতাকুণ্ড: বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে উপজেলার বাঁশবাড়িয়া, কুমিরা, বারৈয়াঢালা, মুরাদপুর, সৈয়দপুর ও বাড়বকুণ্ড ইউনিয়নের ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে তিন শতাধিক বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পানিতে ভেসে গেছে প্রায় ৫০টি চিংড়িঘের।উপজেলা কৃষি কর্মকর্তা তারিক মাহমুদুল ইসলাম জানান, উপজেলার প্রায় ৭০০ একর জমির সবজি ও ধানের বীজতলা পানিতে তলিয়ে গেছে।[নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার ও কক্সবাজারের টেকনাফ, চকরিয়া; চট্টগ্রামের রাঙ্গুনিয়া, পটিয়া ও সীতাকুণ্ড এবং রাঙামাটির বাঘাইছড়ি প্রতিনিধি]