উপকূলীয় কাঁকড়ার কদর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের এ সময়টায় উপকূলীয় নদী মোহনায় ঘটা করে কাঁকড়া ধরা হয়। শুকনো মৌসুমে ভাটার সময় উপকূলে ঝাঁকে ঝাঁকে কাঁকড়া দেখা যায়। এ সময় শিকারিরা বিভিন্ন উপায়ে কাঁকড়া ধরেন। সাগর উপকূলে বেন্তি জাল, লেইত বড়শি, খুচইন জাল ও শিক দিয়ে মাটি খুঁড়ে কাঁকড়া ধরা হয়। পটুয়াখালী অঞ্চল থেকে প্রতিদিন গড়ে দুই হাজার কেজি কাঁকড়া ঢাকায় পাঠানো হয়।কাঁকড়া রপ্তানি করে পটুয়াখালীসহ উপকূলীয় অঞ্চল থেকে প্রতিবছর প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে ব্যবসায়ীরা মনে করেন। কিন্তু প্রয়োজনীয় উদ্যোগ ও প্রক্রিয়াজাতকরণের অভাবে বর্তমানে তা সম্ভব হচ্ছে না।পটুয়াখালী সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক পিযুষ কান্তি হরি জানান, কাঁকড়া পানির আবর্জনাভুক প্রাণী। খাদ্য হিসেবে এটি বেশ উপাদেয় ও পুষ্টিকর। এতে দশমিক ৭১ থেকে দশমিক ৭৪ শতাংশ পানি রয়েছে। খনিজ পদার্থ আছে ১৯ থেকে ২৪ শতাংশ। প্রজনন মৌসুমে (জানুয়ারি থেকে মার্চ) কাঁকড়া শিকার বন্ধ করতে পারলে এর উৎপাদন বাড়বে।ব্যবসায়ীরা জানান, চীন, জাপান, হংকং, সিঙ্গাপুর, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ভারতে কাঁকড়ার ব্যাপক চাহিদা রয়েছে। আন্তর্জাতিকভাবে কাঁকড়াকে কয়েকটি ভাগে ভাগ করে বাজারজাত করা হয়। উপকূলীয় এলাকায় সাধারণত ১১ প্রজাতির কাঁকড়া পাওয়া যায়। এর মধ্যে সাইলা বা শীলজাতীয় কাঁকড়া পাওয়া যায় সবচেয়ে বেশি। দেশে এসব কাঁকড়ার তেমন চাহিদা না থাকলেও বিদেশে এর কদর ও চাহিদা দুই-ই বেশি। ২৫০ গ্রাম ওজনের বেশি প্রতিটি মাদি কাঁকড়াকে এ গ্রেড, ২৫০-এর নিচে ১৫০ গ্রাম পর্যন্ত বি গ্রেড এবং ১৫০ গ্রামের নিচে সি গ্রেডের পর্যায়ভুক্ত।পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কাঁকড়া আড়তদার ইমন মৎস্য আড়তের মালিক দিদারুল আহমেদ জানান, এ অঞ্চলে কাঁকড়ার ব্যাপক চাহিদা থাকলেও তাঁরা সঠিক মূল্য পাচ্ছেন না। এখানকার আড়তদারেরা জেলেদের কাছ থেকে কাঁকড়া কিনে তা ঢাকায় বিক্রি করেন। বর্তমানে তাঁরা প্রতি কেজি এ গ্রেডের কাঁকড়া ৯০০ থেকে এক হাজার টাকা, বি গ্রেডের ৬০০ থেকে ৮০০ টাকায় বিক্রি করছেন। শুধু এ গ্রেড ও বি গ্রেডের কাঁকড়া বিদেশে রপ্তানি হচ্ছে। সি গ্রেডের কাঁকড়া স্থানীয় বাজারে ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হয়।মহিপুর এলাকার কাঁকড়া শিকারি মজিদ মিয়া জানান, সারা বছরই কাঁকড়া ধরেন তাঁরা। এ এলাকায় উন্নতমানের কাঁকড়া থাকা সত্ত্বেও প্রক্রিয়াজাতকরণের অভাবে সেগুলো তাঁরা ন্যায্য দামে বিক্রি করতে পারছেন না। স্থানীয় আড়তদারদের কাছে নামমাত্র দামে বেচতে হচ্ছে। আড়তদারেরা তাঁদের কাছ থেকে ঢাকায় নিয়ে চড়া দামে বিক্রি করছেন।রাঙ্গাবালীর মৌডুবি বাজারের কাঁকড়া আড়তদার তুলি ফিশের মালিক রহমান হাওলাদার জানান, শীতে কাঁকড়ার দাম ভালো পাওয়া যায়। কাঁকড়া বিশেষ প্রক্রিয়ায় বাঁশের ঝুড়িতে করে লঞ্চযোগে তাঁরা ঢাকায় চালান দেন। ১০০ কেজি কাঁকড়া পাঠালে পাঁচ কেজির মতো মারা যায়। আর গরমে ১০০ কেজিতে কমপক্ষে ২০ কেজি মারা পরে। এ কারণে এগুলো রপ্তানির উপযোগী থাকে না। এ কারণে স্থানীয় শিকারিদের কাছ থেকে বেশি দাম দিয়ে কাঁকড়া কেনা সম্ভব হয় না।