উপকূলীয় কৃষির উন্নয়নে প্রকল্প গ্রহণের দাবি
জলবায়ু পরিবর্তন্রকর্মপরিকল্পনা থেকে চিংড়ি চাষে সহায়তা দেওয়ার প্রসঙ্গ বাতিল করে উপকূলীয় কৃষির উন্নয়নে প্রকল্প গ্রহণ, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব হ্রাস করার বিষয়ে জাতীয় নীতিমালা প্রণয়নসহ বিভিন্ন দাবি উত্থাপন করা হয়েছে। খুলনা মহানগরের একটি অভিজাত হোটেলে আয়োজিত জলবায়ুবিষয়ক এক কর্মশালায় বক্তারা এসব দাবি উত্থাপন করেন। বেসরকারি সংস্থা হিউম্যানিটিওয়াচ, লিডার্স, উলাসী সৃজনী সংঘ ও উত্তরণ যৌথভাবে ‘বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশলপত্র ও কর্মপরিকল্পনা: জন-অংশগ্রহণ, বাস্তবায়ন ও সমন্বয়’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে। এ আয়োজনে সহায়তা করে দুই শতাধিক সংগঠনের জোট সিএসআরএল (গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান) ও ইক্যুইটিবিডি (ইক্যুইটি অ্যান্ড জাস্টিস ওয়ার্কিং গ্রুপ—বাংলাদেশ)। এতে সভাপতিত্ব করেন সিএসআরএলের সদস্যসচিব জিয়াউল হক। কর্মশালায় খুলনা-৬ আসনের সাংসদ সোহরাব আলী সানা, খুলনা-১ আসনের সাংসদ ননীগোপাল মণ্ডল, পরিবেশ অধিদপ্তরের পরিচালক তরুণকান্তি শিকদার, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সত্যেন্দ্র কুমার সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা অসীত কুমার সাহা ও ইক্যুইটিবিডির প্রধান সঞ্চালক রেজাউল করিম চৌধুরী উপস্থিত ছিলেন।কর্মশালায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলের ঝুঁকি বিবেচনায় নিয়ে উপজেলা পর্যায়ে জরুরি তহবিল গঠন, যেকোনো অবকাঠামো নির্মাণের আগে পরিবেশগত ঝুঁকি নিরূপণ, চিংড়ি চাষ নিষিদ্ধ করে কৃষিতে সহায়তা বৃদ্ধি, বেড়িবাঁধ ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন, উজানের পানি সরবরাহ করার উদ্যোগ গ্রহণ, জরুরি খাদ্য সরবরাহের জন্য সরকারি তত্ত্বাবধানে খাদ্যগুদাম গড়ে তোলার দাবিও উত্থাপন করেন।