উপকূলীয় প্যারাবনের গাছ মরে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় উপকূলীয় প্যারাবনে মড়ক দেখা দিয়েছে। গত দেড় মাসে প্যারাবনের কয়েক হাজার গাছ মড়কে আক্রান্ত হয়ে মরে গেছে। বেশি আক্রান্ত হচ্ছে কেওড়া ও নুনিয়াগাছ। গাছগুলো লালচে আকার ধারণ করে পাতা ও ডালপালা শুকিয়ে ঝরে পড়ছে। কী কারণে মড়ক দেখা দিয়েছে, তা সঠিকভাবে কেউ বলতে পারছে না। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবই এর কারণ বলে ধারণা করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, এভাবে প্যারাবন মরে গেলে উপকূলীয় এলাকাকে সামুদ্রিক জলোচ্ছ্বাসের কবল থেকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার বদরখালী, রামপুর, পশ্চিম বড় ভেওলা ও চরণদ্বীপ (বিলুপ্ত সুন্দরবন) এলাকায় সমুদ্র উপকূলে বন বিভাগের ৮০০ একর, জাপানের পরিবেশবাদী সংগঠন ওয়েস্কা ইন্টারন্যাশনালের ৫০০ একর ও স্বেচ্ছাসেবী সংস্থা উবিনীগের ৬০ একর প্যারাবন রয়েছে। এসব বন ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পর গড়ে তোলা হয়। এতে কেওড়া, বাইন ও নুনিয়াসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে।সরেজমিনে দেখা গেছে, প্যারাবনের কেওড়া ও নুনিয়াগাছগুলো লালচে রং ধারণ করেছে। এসব গাছের পাতা ও ডালপালা শুকিয়ে ঝরে পড়ছে। মহেশখালী সমুদ্র চ্যানেল ও মাতামুহুরী নদীর উভয় পাশের প্যারাবনগুলো বেশি মড়কে আক্রান্ত হয়েছে। এসব গাছের পাশাপাশি সামুদ্রিক আরও ছোট ছোট গাছও মরে যাচ্ছে।প্যারাবনে দীর্ঘ ৩৫ বছর ধরে কাজ করছেন বদরখালী এলাকার বাসিন্দা আলী আকবর (৬৫)। তিনি বর্তমানে ওয়েস্কা ইন্টারন্যাশনালের কর্মচারী হিসেবে প্যারাবনের দেখভাল করছেন। তিনি বলেন, তিন-চার বছর ধরে প্যারাবনে এ রোগ দেখা দিয়েছে। আক্রান্ত হওয়ার পর কিছু কিছু গাছ আবার পুনরুজ্জীবিত হলেও বেশির ভাগ গাছ মরে যায়। ওয়েস্কা ইন্টারন্যাশনালের চকরিয়ার ব্যবস্থাপক হামিদুল হক প্যারাবনে মড়ক দেখা দেওয়ার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, মাস দেড়েক ধরে গাছে এ রোগ দেখা যাচ্ছে। এতে অন্তত ৩০ হাজার গাছ আক্রান্ত হয়েছে। কী কারণে এটি হচ্ছে, তা সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় এমন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, গত বছরও মহেশখালী সমুদ্র চ্যানেলের প্যারাবনে কয়েক হাজার গাছ মরে যায়।কক্সবাজার উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান প্যারাবনের মড়ক দেখা দেওয়ার পেছনে বিভিন্ন কারণের মধ্যে দুটি কারণ উল্লেখ করেন। প্রথমটি হলো, প্যারাবনে পাখির সংখ্যা কম হওয়ায় গাছগুলোয় পোকামাকড় আক্রমণ করে। দ্বিতীয় কারণটি হলো, লবণাক্ততা বেড়ে যাওয়া।বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা রফিকুল হক বলেন, বিভিন্ন কারণে গাছে মড়ক দেখা দিতে পারে। তবে এ রোগের লক্ষণ হিসেবে বলা যায়, সমুদ্রে কলকারখানা ও জাহাজের বর্জ্য ফেলায় পানি দূষিত হয়। এসব দূষিত পানি গাছের শেকড়ে পৌঁছালেই তা পুরো গাছে রোগ হিসেবে ছড়াতে পারে। গবেষণা করে এই রোগ নির্ণয় করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউটের প্রধান জাফর আলম বলেন, বৃষ্টিপাত কম ও লবণাক্ততা বেড়ে যাওয়ায় এ রোগ দেখা দিতে পারে। এ ছাড়া উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ দিয়ে যত্রতত্র চিংড়ির ঘের তৈরি করায় প্যারাবনে পানির স্বাভাবিক প্রভাব নষ্ট হয়ে গেছে। এতে গাছগুলোতে নাইট্রোজেন কমে গেছে। এসব কারণেও মড়ক দেখা দিতে পারে বলে তিনি মনে করেন।