উপকূলীয় প্যারাবনের বাইনগাছে মড়ক
কক্সবাজারের মহেশখালী উপজেলায় উপকূলীয় বন বিভাগের প্যারাবনের কয়েক লাখ বাইনগাছে মড়ক লেগেছে। এ কারণে এরই মধ্যে কয়েক হাজার বাইনগাছ মারা গেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাগরে লবণাক্ততা বৃদ্ধিসহ নানা কারণে গাছগুলো মারা যাচ্ছে। এতে পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সুনিল কুমার কুণ্ডু জানান, শীত মৌসুমে বনাঞ্চলে এ ধরনের মড়ক সাধারণত দেখা যায় না। কিন্তু জলবায়ু পরিবর্তনে সাগরের পানিতে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় এলাকায় বন বিভাগের সৃজিত প্যারাবনে একধরনের পোকা আক্রমণ করেছে। এ কারণে বনাঞ্চলে মড়ক দেখা দিয়েছে।মহেশখালীর গোরকঘাটা রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, মহেশখালী চ্যানেলের গোরকঘাটা, চরপাড়া, মহেশখালী জেটিসংলগ্ন এলাকা, সোনাদিয়া, বড়দিয়া, পোকখালী, ঘটিভাঙ্গা, কালারমারছড়ার পশ্চিমে মোট পাঁচটি বিট এলাকার প্রায় ৩০ কিলোমিটারের মধ্যে বন বিভাগের প্রায় ১৭ হাজার একর সৃজিত প্যারাবনের কয়েক লাখ বাইনগাছে মড়ক ধরেছে। গত আগস্ট মাস থেকে বাইনগাছে মড়ক লাগা শুরু হয়। গত রোববার মহেশখালীর সোনাদিয়া দ্বীপ, ঘটিভাঙ্গা, মহেশখালী জেটিসংলগ্ন এলাকা, বড়দিয়াসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মড়ক লাগায় পাতা ঝরে কয়েক হাজার বাইনগাছ মরে গেছে। স্থানীয় লোকজন মরা গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে।ঘটিভাঙ্গার বাসিন্দা হাবিব উল্লাহ ও আহমদ হোসেন জানান, কয়েক দিন ধরে বাইনগাছগুলো লাল হয়ে গাছের সবুজ পাতাগুলো ঝরে গিয়ে মরে যাচ্ছে। উপকূলীয় এলাকার মানুষকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আঘাত থেকে রক্ষা করার জন্য সরকার এই প্যারাবন সৃজন করে।গোরকঘাটার রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর ইকবাল বলেন, ‘এ উপজেলায় পাঁচটি বিটের প্রায় ১৭ হাজার একর প্যারাবনের বাইনগাছে ব্যাপকভাবে মড়ক লেগেছে। বিষয়টি ১ ডিসেম্বর উপকূলীয় বন বিভাগের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে।’ তিনি জানান, ১৯৮০ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত উপকূলীয় এলাকায় প্যারাবন সৃজন করা হয়। এসব জায়গায় প্রায় ১৭ লাখ বাইনগাছ রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাগরের পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় এসব বাইনগাছ মরে যাচ্ছে।সোনাদিয়ার বিট কর্মকর্তা মতিলাল বাবু জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সাগরের পানিতে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় বাইনগাছগুলো মরে যাচ্ছে। প্রথমে সবুজ পাতা লাল হয়ে যাওয়ার পর গাছগুলো শুকিয়ে মরে যাচ্ছে।বেসরকারি সংস্থা বাংলাদেশ সেন্টার ফর ভিলেজ ডেভেলপমেন্টের (বিসিভিডি) প্রকল্প সমন্বয়কারী পরিবেশবিজ্ঞানী আবদুল ওয়াহাব আকন্দ জানান, পোকার আক্রমণে গাছ মরে যাওয়ার কথা নয়। মহেশখালী চ্যানেলে প্রতিদিন কয়েক হাজার ট্রলার যাতায়াত করে। এসব ট্রলারের ইঞ্জিন থেকে নিঃসরণ হওয়া জ্বালানি তেল উপকূলীয় এলাকার মাটিতে মিশে যাচ্ছে। এই তেলের কারণে মাটির উর্বরতা শক্তি নষ্ট হওয়ায় বাইনগাছ মরতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণেও প্যারাবনের বাইনগাছে মড়ক দেখা দিতে পারে।