উপকূলীয় বাঁধ আরও এক মিটার উঁচু করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও মানুষকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে উপকূলীয় বাঁধগুলো কমপক্ষে এক মিটার উঁচু করার আহ্বান জানিয়েছেন উপকূলীয় এলাকার সাংসদেরা। গত শতাব্দীর ষাটের দশকে এসব বাঁধ তৈরি করা হয়েছিল। সাংসদেরা বলেছেন, আশ্রয়কেন্দ্রের সংখ্যা বাড়ানোর পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের বাঁধের বাইরের চরগুলোতে বনায়ন করতে হবে।গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত পরামর্শমূলক কর্মশালায় উপকূলীয় সাংসদেরা এসব কথা বলেন। পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক পরিবেশ প্রতিষ্ঠান আইইউসিএন যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।কর্মশালার প্রধান অতিথি স্পিকার আবদুল হামিদ বলেন, গ্রিনহাউস গ্যাসের মাত্রা বেড়ে যাওয়ার কারণে জলবায়ুর পরিবর্তন দ্রুত হচ্ছে। বাংলাদেশের মতো দেশগুলো এ জন্য দায়ী নয়। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশগুলো একযোগে কাজ করছে। তবে জলবায়ু তহবিল থেকে গৃহীত বিভিন্ন প্রকল্পের সুফল যাতে জনগণ পায়, সেদিকে সাংসদদের সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ দেন তিনি।সভাপতির বক্তব্যে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকার সাত লাখ ৫১ হাজার হেক্টর জমিতে সামাজিক বনায়নের উদ্যোগ নিয়েছে। এতে সুবিধাভোগীদের ৪০ শতাংশের পরিবর্তে ৭৫ শতাংশ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, জলবায়ুসংক্রান্ত বিভিন্ন সম্মেলনে উন্নত দেশগুলো ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাংলাদেশ এখনো কোনো টাকা পায়নি। তবে সরকার গত দুই অর্থবছরে ৭০০ কোটি টাকা করে বরাদ্দ দিয়ে একটি তহবিল গঠন করেছে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কাজী খলীকুজ্জমান আহমদ, সাংসদ রফিকুল ইসলাম, সোহরাব আলী সানা, হাবিবুন নাহার তালুকদার, নিলুফার চৌধুরী মনি, পরিবেশসচিব মেজবাহ উল আলম, আইইউসিএনের কান্ট্রি ডিরেক্টর নিয়াজ আহমেদ খান, ডিএফআইডির কান্ট্রি ডিরেক্টর ক্রিস অস্টিন, ডেনমার্ক দূতাবাসের উপ-মিশনপ্রধান জন মোলার হ্যানসেন প্রমুখ।