উপকূলীয় অঞ্চলের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ জন্য জল, ভূমি, বন, বৃক্ষ, পশু, পাখি, মাছ ও মানুষের সম্মিলন নিশ্চিত করতে হবে। কেননা এসব একে অপরের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। পরিবেশ ও প্রতিবেশ দ্রুত পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলের সংস্কৃতি হারিয়ে যাচ্ছে।
সাতক্ষীরায় ‘দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের বৈচিত্র্যময় সংস্কৃতি: আমাদের করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।
গতকাল শুক্রবার সকাল নয়টায় সাতক্ষীরা অফিসার্স ক্লাব মিলনায়তনে বেসরকারি সংস্থা বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডেজিনাস নলেজ (বারসিক) ও দৈনিক পত্রদূত এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে। দৈনিক পত্রদূত-এর ভারপ্রাপ্ত সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বারসিকের জেন্ডার ও উন্নয়ন সেলের সমন্বয়ক ফেরদৌসি আক্তার।
বৈঠকে আলোচনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ ইফতেখার আলী, অধ্যাপক সুকুমার দাস, আবদুল হামিদ ও নিমাই চন্দ্র মণ্ডল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, এম কামরুজ্জামান, কবি পল্টু বাশার, শুভ্র আহম্মেদ, শাহজাহান সিরাজ, ফাইমুল হক, প্রভাষক সালেহা আক্তার, শিক্ষার্থী মো. সাইদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যক্ষ আশেক-ই-এলাহী।
সেমিনারে শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠক, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৬০ জন প্রতিনিধি অংশ নেন।