উপকূলে অবাধে ধরা হচ্ছে চিংড়ি পোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের উপকূলীয় ৫৮ কিলোমিটার এলাকায় অবাধে চিংড়ি পোনা ধরা হচ্ছে। প্রতিদিন শাহপরীর দ্বীপ-শামলাপুর অংশে বিভিন্ন বয়সের মানুষ মশারি জাল দিয়ে নির্বিচারে পোনা ধরছে। এতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ধ্বংস হচ্ছে। অথচ চিংড়ি পোনা ধরার ব্যাপারে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও কেউ তা মানছে না, এ ব্যাপারে প্রশাসনও নীরব।উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা ছৈয়দ হুমায়ুন মোরশেদ বলেন, ‘সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ ও মৎস্য সংরক্ষণ অধ্যাদেশে উপকূলীয় এলাকায় চিংড়ি পোনাসহ সব ধরনের পোনা ধরা নিষিদ্ধ। আমরা বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে পোনা ধরার জাল আটক করে পুড়িয়ে ফেলি।’পোনা আহরণকারী আবদুর রহমান (১০), আলী হোসেন (১২) ও সখিনা খাতুন (৩১) বলেন, তাঁরা দৈনিক ৫০ থেকে ৮০ টাকার বিনিময়ে পোনা ধরার কাজ করেন। এলাকাভিত্তিক বহদ্দাররা (মহাজন) এ কাজে শিশু-কিশোরদের ব্যবহার করেন। পাশাপাশি পেটের দায়ে অনেকে এ কাজ করে।শামলাপুরের পোনা আহরণকারী নুরুল আমিন (৩০) ও হাদুরছড়ার মোহামঞ্চদ শফিক (৩৫) বলেন, সমুদ্রসৈকত থেকে প্রতিদিন লাখ লাখ টাকার চিংড়ি পোনা ধরা হচ্ছে। সঙ্গে শতাধিক প্রজাতির পোনা ধরা পড়লেও তা বালুচরে ফেলে দেওয়া হয়। এভাবে পোনা ধরলে একদিন সাগর মাছশূন্য হয়ে পড়বে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু নোমান মো. আবদুল্লাহ বলেন, স্থানীয় বেশির ভাগ শিশু-কিশোর চিংড়ি পোনা ধরার কাজে জড়িত। এতে করে বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি কমে যাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামছুল ইসলাম বলেন, উপকূলে আইন অমান্য করে পোনা ধরা হচ্ছে। অভিযানে গ্রেপ্তার এড়াতে শিশুদের ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, পোনা ধরা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে সংশিষ্ট এলাকায় মাইকযোগে প্রচার (মাইকিং) করা হবে এবং পরে অভিযান চালানো হবে।