উপকূলে অস্বাভাবিক জোয়ার ৭৯ গ্রামের মানুষ পানিবন্দী
ভারী বৃষ্টিপাত ও অস্বাভাবিক জোয়ারের পানিতে উপকূলীয় অঞ্চলে বেড়িবাঁধ ও বন্যানিয়ন্ত্রণ বাঁধ ছুটে গিয়ে পানি ঢুকে পড়েছে। এতে ভোলা, পটুয়াখালী, বাউফল ও কলাপাড়ার প্রায় ৭৯টি গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে দুর্ভোগ পোহাচ্ছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ভোলা: অস্বাভাবিক জোয়ারে চার দিন ধরে ৬৯টি গ্রামের আনুমানিক ২৮ হাজার পরিবার পানিবন্দী হয়ে আছে। ভোলা-লক্ষ্মীপুর ফেরিঘাটের গ্যাংওয়ে ডুবে যাওয়ায় গাড়ি ওঠানামা বন্ধ আছে। গত শনিবার সকাল থেকে ঝোড়ো বাতাস, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। গতকাল রোববার মুষলধারে বৃষ্টি হওয়ায় পরিবারগুলোর দুর্ভোগ আরও বাড়ে। ভোলা সদর উপজেলার ৩৫টি গ্রামের ১৪ হাজার পরিবার এবং তজুমদ্দিনের ৩৪টি গ্রামের ১৪ হাজার পরিবার পানিবন্দী। তজুমদ্দিন উপজেলায় দুই স্থানে এবং চরফ্যাশন ও মনপুরার তিন স্থানে বাঁধ ছুটে গেছে। লালমোহনের কামারখাল, ভোলা সদরের কাচিয়া, বালিয়াকান্দি বাঁধ হুমকির মুখে পড়েছে। সদর উপজেলার উত্তর রাজাপুরের চৌধুরীবাড়ির বাসিন্দা খোকন চৌধুরী বলেন, ‘গত চার দিনে এলাকা প্লাবিত হওয়াসহ ২৫টি পরিবারের ঘর নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনকবলিত লোকজন সড়কের ওপর আশ্রয় নিয়েছে।’একই উপজেলার ৫০ নম্বর কালীকৃত্তি নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির সাঁজওয়াল বলেন, ‘জোয়ারের চাপে শ্রেণীকক্ষের বেঞ্চ ডুবে গেছে। এ জন্য ছাত্রদের উপস্থিতি কমে গেছে।’ভোলা ফেরিঘাটে ট্রাকচালক কাঞ্চন বলেন, ‘ঘাটের গ্যাংওয়ে ডুবে থাকায় আমাদের ঘণ্টার পর ঘণ্টা ফেরিঘাটে অপেক্ষা করতে হচ্ছে।’ ভোলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোশারেফ হোসেন বলেন, অস্বাভাবিক জোয়ারে বিভিন্ন উপজেলার বন্যানিয়ন্ত্রণ বাঁধ ছুটে গেছে। জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘বাঁধ সংস্কার চলছে। ক্ষতিগ্রস্ত লোকজনকে সাহায্যের ব্যবস্থাও করা হচ্ছে।’ পটুয়াখালী: তিন দিন ধরে জোয়ারের পানিতে উপকূলীয় নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। খেপুপাড়া রাডার স্টেশন সূত্রে জানা যায়, উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কসংকেত রয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে বজ্রমেঘের সৃষ্টি হয়ে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। পটুয়াখালী আবহাওয়া কার্যালয় সূত্রে জানা যায়, পায়রা নদীর পানির চাপে মির্জাগঞ্জের পিঁপড়াখালী এলাকায় বেড়িবাঁধে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। আতঙ্কে রয়েছে পিঁপড়াখালী, সুন্দ্রা, সুন্দ্রাকালিকাপুর ও পশ্চিম কালিকাপুরের চার গ্রামের মানুষ। এ ছাড়া উপজেলার পূর্ব চৈতা এলাকার সিকদারবাড়ি এলাকায় সড়ক ভেঙে বাকেরগঞ্জ-কাঁঠালতলী-সুবিদখালী-চান্দখালী সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।পটুয়াখালী পাউবোর উপসহকারী প্রকৌশলী আবু বকর ভুঁইয়া বলেন, মির্জাগঞ্জ-রামপুর পোল্ডারের পিঁপড়াখালী বাজারসংলগ্ন বেড়িবাঁধের প্রায় ২০০ মিটার বাঁধ ভেঙে গেছে।বাউফল (পটুয়াখালী): অস্বাভাবিক জোয়ারের পানিতে বাউফলের ১৮টি চরাঞ্চলসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কয়েক শ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তেঁতুলিয়া নদীর পারে কালাইয়া ইউনিয়নের চর কালাইয়া এলাকার বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে।উপজেলার কালাইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনির হোসেন মোল্লা বলেন, ‘স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন-চার ফুট পানি বৃদ্ধি পাওয়ায় চরগুলোর মধ্যে আন্তযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।’কলাপাড়া (পটুয়াখালী): উপজেলার লালুয়া ইউনিয়নের রামনাবাদ নদীর তীরবর্তী বেড়িবাঁধ ছুটে গিয়ে লোকালয়ে পানি ঢুকে পড়ায় ১০টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গ্রামগুলো হলো: নাওয়াপাড়া, নয়াকাটা, মুন্সিপাড়া, চৌধুরীপাড়া, ছোট পাঁচনং, বড় পাঁচনং, চান্দুপাড়া, কলাউপাড়া, ধনজুপাড়া ও চাড়িপাড়া। চান্দুপাড়া গ্রামের ফিরোজ তালুকদার বলেন, ‘বাড়িঘর সব ডুইব্যা গ্যাছে। এ্যাহন হালুডির (চাষাবাদ) সময়। হালুডি যে ক্যামনে করমু, হেইয়া করতে পারি না।’ লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া-বানাতিপাড়া গ্রামের ইউপি সদস্য মজিবুর রহমান হাওলাদার বলেন, ‘দুই দিন ধইর্যা এলাকার মানুষজনের দুর্ভোগের শেষ নেই। বাড়িঘর থেকে কেউ নামতে পারছে না।’ কলাপাড়া পাউবোর নির্বাহী প্রকৌশলী সফিউদ্দিন বলেন, ‘লালুয়া ও নিজামপুরের বন্যানিয়ন্ত্রণ বাঁধের মেরামতকাজ চলছে।’