উপকূলে ইলিশের আকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষ সামনে রেখে ইলিশের চাহিদা ও দাম চড়া হলেও দক্ষিণ উপকূলের নদ-নদী ও বঙ্গোপসাগরে এক সপ্তাহ ধরে ইলিশের দেখা পাচ্ছেন না জেলেরা। সামান্য যে দু-একটা ইলিশ মিলছে, তা-ও বাজার পর্যন্ত পৌঁছাচ্ছে না। ঘাটে বসেই পাইকারেরা কিনে পাঠিয়ে দিচ্ছেন ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে।
গত শনিবার দুপুরে বরগুনা সদরের মাছখালী এলাকার জেলেপল্লির ঘাটে ঘণ্টা দেড়েক অপেক্ষা করে মাত্র ১১টি ইলিশের দেখা মিলল। এর মধ্যে তিন-চারটি ছাড়া বাকিগুলো ছোট ইলিশ। পাইকার সগির হোসেন ও পনু মিয়া সেগুলো কিনে নিয়েছেন। তাঁরা জানালেন, এগুলো স্থানীয় কোনো বাজারে উঠবে না। বরফ দিয়ে পাঠানো হবে ঢাকায়। সেখানে চড়া দামে বিক্রি হবে এসব ইলিশ। তাঁরা আরও জানান, সামনে নববর্ষ, তাই ঢাকা ও বড় শহরগুলোতে ইলিশের চাহিদা খুব বেশি।
নববর্ষ সামনে রেখে বরগুনাসহ গোটা দক্ষিণাঞ্চলে ইলিশের দাম অস্বাভাবিক বেড়েছে। এতে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে কাঙ্ক্ষিত ইলিশ। বরগুনা দেশের অন্যতম ইলিশের আহরণ কেন্দ্র হলেও এখানের মানুষের ভাগ্যে তা জুটছে না। গত এক সপ্তাহে এখানে অস্বাভাবিক হারে বেড়েছে ইলিশের দাম। বঙ্গোপসাগরের কোলে অবস্থিত এই জেলার তিন দিক দিয়ে বয়ে যাওয়া বিষখালী ও পায়রা নদী এবং বলেশ্বর নদের ইলিশের সুখ্যাতি রয়েছে সারা দেশে। এই জেলা থেকে প্রচুর ইলিশ যায় দেশের বিভিন্ন মোকামে। পাথরঘাটায় রয়েছে মৎস্য উন্নয়ন করপোরেশন পরিচালিত দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র।
গত শনিবার বরগুনা শহরের পুরান বাজারে গিয়ে দেখা যায়, সেখানেও কোনো ইলিশ নেই। শাহ আলম নামে এক মাছবিক্রেতা বলেন, ‘সামান্য যে কয়টি ইলিশ বাজারে আসে তা বরফ দিয়ে আমরা ঢাকায় পাঠাই। আর যাঁরা বেশি দামে কিনতে চান, তাঁদের কাছে দু-একটা বিক্রি করি। এখানে ৩০০-৩৫০ গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি হয় ৯০০ টাকায়, যা আগে ৩৫০-৪০০ টাকায় বিক্রি হয়েছে। আর ৫০০-৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয় ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হয় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকায়।’ শহরের এক ক্ষুদ্র ব্যবসায়ী গোলাম সরোয়ার। তিনি আক্ষেপ করে বলেন, ‘নববর্ষ উপলক্ষে বাচ্চারা ইলিশের জন্য আবদার করেছে। কিন্তু বাজারে এসে মাছের দাম শুনে মাথা ঘুরে গেছে। তাই খালি হাতে ফিরে যাচ্ছি।’
একই দিন পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্র ঘুরে দেখা যায়, সেখানে কোনো ইলিশ নেই। অবতরণকেন্দ্রে সুনসান নীরবতা। এই কেন্দ্রের সহবিপণন কর্মকর্তা আনন্দ মুখার্জী জানান, চলতি মাসে এই কেন্দ্রে মাত্র ৪০৪ কেজি ইলিশ মাছ বিক্রি হয়েছে। দামও ছিল চড়া। প্রতি মণ ইলিশ মাছ ৬০ হাজার থেকে ৮০ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। তবে ৬ এপ্রিল ১ কেজি ২০০ গ্রাম ওজনের একটি ইলিশ তিন হাজার এবং ৯৫০ গ্রাম ওজনের একটি ইলিশ ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। গত শনিবার এই কেন্দ্রে কোনো ইলিশ মাছ আসেনি। আর শুক্রবার মাত্র দুই কেজি ইলিশ বিক্রি হয়েছে।
মাছ ব্যবসায়ী দুলাল হোসেন বলেন, ‘নববর্ষকে সামনে রেখে প্রতিবছর ইলিশ মাছ বিক্রি করে ভালো ব্যবসা করি। এ সময় মাছের দাম ভালো পাওয়া যায় বলে আমরা সারা বছর এই সময়ের জন্য অপেক্ষা করি। কিন্তু এবার ইলিশের আকালে আমাদের পাশাপাশি জেলে-ট্রলার ব্যবসায়ীরাও খুব হতাশ।’