উপকূলে এবার 'লবণসহিষ্ণু' সবজি উৎপাদনের আশা
ধান ও পাটের পর উপকূলীয় অঞ্চলে কৃষকের মুখে হাসি ফোটাতে ‘লবণসহিষ্ণু’ সবজি উৎপাদনের আশা জাগছে এবার। এ ধরনের সবজির প্রথম পরীক্ষামূলক উৎপাদন হবে আগামী বছরের শুরুতে বাগেরহাট, খুলনা, পটুয়াখালী ও বরগুনায়।
‘দ্য সল্ট সলুশন প্রজেক্ট’ নামে একটি প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা ‘কোডেক’ লবণসহিষ্ণু সবজি আবাদেরউদ্যোগ নিয়েছে। গতকাল বৃহস্পতিবার বাগেরহাটের কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে ওই প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ-সংক্রান্ত একটি কর্মশালায় এ তথ্য জানানো হয়। প্রকল্পে সহযোগিতা করছে ‘ইকো কো-অপারেশন’ নামে নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠান।
প্রকল্প পরিচালক অরুণ কুমার গাঙ্গুলি বলেন, এই প্রকল্পের গবেষণামূলক কাজ আগামী মাস থেকে শুরু করা হবে। এরপর আবহাওয়া উপযোগী সবজি নির্ধারণ করে আগামী বছরের শুরু থেকে কৃষক পর্যায়ে বাস্তবায়নকাজ হাতে নেওয়া হবে। গাজর, টমেটো, বাঁধাকপি, মিষ্টিকুমড়ার মতো সবজিকে গবেষণায় প্রাধান্য দেওয়া হবে।
প্রকল্পের আওতায় পুষ্টিমানসমৃদ্ধ এবং লবণসহিষ্ণু সবজি চাষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের প্রশিক্ষিত করা হবে। সম্পৃক্ত করা হবে কৃষক পরিবারের নারী সদস্যদেরও। শুরুতে সবজি বাছাইয়ের কাজে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতা নেওয়া হবে বলে জানান প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা।
কর্মশালায় জানানো হয়, দেশের মোট কৃষিজমির ৩৩ শতাংশই উপকূলীয় জেলাগুলোতে। এখানকার জমির প্রায় ৫৩ শতাংশ জোয়ারের লবণাক্ত পানিতে প্লাবিত হয়। এই লবণাক্ততার মাত্রা প্রতিনিয়ত বাড়ছে। তাই লবণসহিষ্ণু কৃষি ব্যবস্থাপনা জরুরি হয়ে পড়েছে। কৃষকদের এখন থেকেই এর সঙ্গে খাপ খাওয়াতে হবে।
বাগেরহাট কোডেক সেন্টারের ফোকাল পারসন মু. সইফ উল্লাহরসভাপতিত্বে অবহিতকরণ কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহীন হোসেন, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদিয়া সুলতানা ও প্রকল্প পরিচালক অরুণ কুমার গাঙ্গুলি।