উপকূলে খাঁচায় কাঁকড়া চাষে আগ্রহ বাড়ছে
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আবদুল বারেক আগে মাছ চাষ করতেন। এক বছর আগে তিনি খাঁচায় কাঁকড়া চাষ শুরু করেন। লাভজনক হওয়ায় তিনি এ পদ্ধতিতে আরও বেশি কাঁকড়া চাষ করছেন। তাঁর দেখাদেখি উপজেলার পুরান মহিপুর, তুলাতলি ও মম্বিপাড়া এলাকায় অন্তত ৩০ জন চাষি এভাবে কাঁকড়ার চাষ শুরু করেছেন।
কলাপাড়া পৌরসভার পাশে বাদুড়তলী খালে খাঁচায় কাঁকড়া চাষ করছেন আবদুল বারেক। প্রথম দিকে ৩০০টি খাঁচা দিয়ে তিনি কাঁকড়া মোটাতাজাকরণ শুরু করেন। বর্তমানে তাঁর খাঁচার সংখ্যা ৫০০টি। আবদুল বারেক বলেন, ‘প্রতিটি ছোট খাঁচায় ১৭০-১৮০ গ্রাম ওজনের একটি করে কাঁকড়া রাখা হয়। আর বড় খাঁচায় থাকে ৫-৬টি করে। এসব কাঁকড়া গ্রাম অঞ্চল থেকে ৩৫০-৪৫০ টাকা কেজি দরে কেনা হয়। ৮-১২ দিন, অনেক সময় ১৮ দিন কাঁকড়াগুলো খাঁচায় লালনপালন করতে হয়। এরপর বাজারে ১১০০-১৩০০ টাকা কেজি দরে বিক্রি করা যায়।’
নিজস্ব কোনো জলাশয় না থাকায় আবদুল বারেক সরকারি খালে কাঁকড়া চাষ করছেন। তিনি বলেন, খালের ভেতর খাঁচা স্থাপন করে কাঁকড়া চাষ করলেও পানি প্রবাহে কোনো সমস্যা হচ্ছে না। তা ছাড়া খালের পানি ওঠানামা করার সুযোগ থাকার কারণে কাঁকড়ায় রোগ-জীবাণুর আক্রমণ কম। গত চার মাসে তিনি তিন দফায় কাঁকড়া বিক্রি করেছেন। এতে প্রায় এক লাখ টাকা লাভ হয়েছে।
এ পদ্ধতিতে কাঁকড়া মোটাতাজাকরণ এলাকায় বেশ সাড়া ফেলেছে। আবদুল বারেকের দেখাদেখি আরও অনেকেই নিজ নিজ গ্রামের পুকুর বা জলাশয়ে খাঁচায় কাঁকড়া চাষে আগ্রহী হয়ে উঠেছেন। লতাচাপলী ইউনিয়নের তুলাতলী গ্রামের চাষি মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘পুকুরে খোলা অবস্থায় ৭-৮ বছর ধরে কাঁকড়া মোটাতাজা করেছি। কিন্তু খোলাভাবে চাষে ক্ষতি বেশি হয়। পুকুরের তলার নরম মাটিতে কাঁকড়া ঢুকে মরে যায়, শরীরে জখম হয়। খাদ্য অপচয় বেশি হয় এবং আহরণপ্রক্রিয়াও বেশ কঠিন ছিল। এ কারণে খাঁচায় কাঁকড়ার চাষ শুরু করেছি।’ তিনি ২৫০টি খাঁচা পুকুরের পানিতে স্থাপন করেছেন। তিনি বলেন, সবকিছু মিলিয়ে তাঁর ১০ হাজার টাকা খরচ হয়েছে। ইতিমধ্যে দুই দফায় ১৭ হাজার টাকার কাঁকড়া বিক্রি করেছেন। খাঁচায় এখনো যে পরিমাণ কাঁকড়া আছে, তা বিক্রি করে ১৮-২০ হাজার টাকা পাওয়া যাবে।
মহিপুর ইউনিয়নের পুরান মহিপুর গ্রামের মনব্রত সরকার বলেন, ‘খাঁচায় কাঁকড়া চাষের পাশাপাশি পুকুরে অন্যান্য প্রজাতির মাছ যেমন তেলাপিয়া, কোরাল, চিংড়িও চাষ করা যায়। গত দুই মাসে পাঁচ হাজার টাকার কাঁকড়া বিক্রি করেছি। সামনে আরও ২০ হাজার টাকা পাওয়া যাবে।’
উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (ইউএফও) মো. কামরুল ইসলাম বলেন, উপকূলীয় অঞ্চলে খাঁচায় কাঁকড়া চাষ সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। এটি এ অঞ্চলের অন্যতম অর্থনৈতিক ফসল হওয়ার সম্ভাবনা রয়েছে। বাজারমূল্য ও চাহিদার দিকে লক্ষ রেখে মৎস্য অধিদপ্তর কাঁকড়ার উৎপাদন বৃদ্ধির জন্য চাষ-প্রযুক্তি সম্প্রসারণে ‘নির্বাচিত এলাকায় কুচিয়া ও কাঁকড়া চাষ সম্প্রসারণ ও গবেষণা’ প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পের আওতায় কলাপাড়া উপজেলায় গত বছর থেকে কাঁকড়া চাষে উৎসাহিত করা হচ্ছে। চাষিদের সব ধরনের পরামর্শ এবং প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হচ্ছে।