সাগর উত্তাল থাকায় কক্সবাজার উপকূলে বেড়িবাঁধ বিলীন হয়ে যাচ্ছে। ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে দুই শতাধিক গ্রামের বসতবাড়ি প্লাবিত হচ্ছে। গত তিন দিনে পেকুয়া ও কুতুবদিয়া উপকূলে প্রায় ২০০ ঘরবাড়ি তলিয়ে গেছে। বিলীন হয়ে যাচ্ছে অসংখ্য চিংড়িঘের। এ নিয়ে উদ্বিগ্ন উপকূলের তিন লাখ মানুষ। স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামত করেও সম্পদ রক্ষা করতে পারছে না। গতকাল শুক্রবার বেলা ১১টায় দেখা গেছে, পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন দ্বীপ করিয়ারদিয়া গ্রামে স্বেচ্ছাশ্রমে শত শত মানুষ ভাঙা বেড়িবাঁধ নির্মাণ করছে। গত তিন দিনের জোয়ারে এই এলাকার পাঁচটি অংশে প্রায় আধা কিলোমিটার বাঁধ বিলীন হয়ে যায়। এ কারণে ৬০টির বেশি বসতবাড়ি সাগরে বিলীন হয়ে গেছে। চারটি ঘের বিলীন হয়ে কোটি টাকার চিংড়ি ভেসে গেছে। স্থানীয় উজানটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী বলেন, গত দুই দিন করিয়ারদিয়ার পাঁচ শতাধিক মানুষ স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধ মেরামত করে ঘরবাড়ি, খেতের ফসল ও চিংড়িঘের রক্ষার চেষ্টা চালাচ্ছে। কিন্তু এই অস্থায়ী বাঁধ কত দিন টিকবে, তা কেউ জানে না। কারণ, বর্ষার জলোচ্ছ্বাসে এই বাঁধ যেকোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ বলেন, কয়েকদিন আগে স্বেচ্ছাশ্রমে তিন শতাধিক মানুষ মগনামা ইউনিয়নের কাকপাড়ায় ভাঙা বেড়িবাঁধ মেরামত করে সাগরের জোয়ার প্রতিরোধ করেছিল। একই সময় উজানটিয়া গ্রামেও দুটি ভাঙা বাঁধ মেরামত করে স্থানীয় লোকজন। কিন্তু গত বৃহস্পতিবার সকালের জোয়ারের ধাক্কায় ওই বাঁধগুলো আবার বিলীন হয়ে গেছে। এখন উপজেলার মগনামা ও উজানটিয়াসহ পাঁচটি ইউনিয়নের ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে ৩৫টি গ্রামের লাখো মানুষ পানিবন্দী জীবন কাটাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত তিন দিনের জোয়ারে জেলার কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, সদর ও চকরিয়া উপজেলার কয়েক কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে আরও অন্তত দুই শতাধিক গ্রাম প্লাবিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মইনুদ্দিন বলেন, ভাঙা বাঁধ মেরামতের জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন মহলে চিঠি পাঠানো হয়েছে। বরাদ্দ এলে ভাঙা বাঁধ সংস্কার করা হবে।