উপকূলে চার নম্বর সংকেত
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে গতকাল বুধবার সকাল থেকে বরগুনাসহ দক্ষিণ উপকূলীয় এলাকায় ঝোড়ো আবহাওয়া বিরাজ করছে। উপকূলের নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে দেড়-দুই ফুট বেশি জলস্ফীতি দেখা গেছে। বঙ্গোপসাগর উত্তাল রয়েছে।চট্টগ্রাম, মংলা ও কক্সবাজার সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্কসংকেত নামিয়ে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে বরগুনা জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্রের কর্মকর্তারা গতকাল বিকেলে জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বুধবার রাত নাগাদ চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করার কথা। নিম্নচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে।নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।গতকাল বিকেলে বরগুনার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. মুজিবুর রহমান সভায় সভাপতিত্ব করেন। সভায় সম্ভাব্য সব ধরনের দুর্যোগ-পরিস্থিতি মোকাবিলার জন্য উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্রের (সিপিপি) প্রায় সাত হাজার ৬৮০ জন স্বেচ্ছাসেবককে সতর্ক থাকতে বলা হয়েছে।