উপকূলে চিংড়ির পোনা আহরণ, অন্যান্য প্রজাতি বিলুপ্তির আশঙ্কা
চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর থেকে মিরসরাইয়ের মুহুরী প্রকল্প পর্যন্ত বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় অবাধে চিংড়ির পোনা আহরণ করা হচ্ছে। এভাবে পোনা আহরণ করায় প্রায় ১০০ প্রজাতির মাছের পোনা নষ্ট হয়ে যাচ্ছে বলে মৎস্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। এতে সাগর ও নদ-নদী মাছশূন্য হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক হোসেন জামাল জানান, চিংড়ির পোনা ধরার সময় যেসব পোনা মরে যাচ্ছে, সেগুলো এক সময় বড় হয়ে সাগরে বা নদীতে ফিরে যেত এবং বংশ বিস্তার করত। কিন্তু পোনা অবস্থায় মরে যাওয়ার কারণে বংশবিস্তার বন্ধ হয়ে যাওয়ায় এসব মাছ হারিয়ে যাচ্ছে।এলাকাবাসী জানান, সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর, বাঁশবাড়িয়া, কুমিরা, মুরাদপুর, সোনাইছড়িসহ উপকূলীয় এলাকায় প্রতিদিনই ছোট জাল, কারেন্ট জাল, বিহিঙ্গি জাল, বাক্স জাল ও টাঙা জাল দিয়ে বাগদাসহ বিভিন্ন প্রজাতির চিংড়ির পোনা আহরণ করা হচ্ছে। জেলেরা চিংড়ির পোনা আহরণের সময় অন্যান্য প্রজাতির মাছের পোনা মাটিতে ফেলে দেন। এলাকাবাসী আরও জানান, এভাবে চিংড়ির পোনা আহরণ করায় লইট্যা, রিডা, পোপা, রিসমা, টেংরাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা মরে যাচ্ছে। এ কারণে সাগর ও নদীতে আগের মতো এসব মাছ পাওয়া যাচ্ছে না।সীতাকুণ্ড-মিরসরাই চিংড়ির পোনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক রফিক আহমেদ জানান, পোনা সংগ্রহকারী ব্যক্তিরা বাগদা চিংড়ির পোনা ধরতে গিয়ে অন্য পোনা নষ্ট করেন না। তাঁরা বাগদা চিংড়ির পোনা রেখে অন্য প্রজাতির পোনাগুলো সাগরে ছেড়ে দেন। সমিতির সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের ওপর এ ধরনের নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলার মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস জানান, এভাবে চিংড়ির পোনা আহরণ করতে গিয়ে তাঁরা অন্যান্য প্রজাতির পোনা নিধন করছেন। পোনানিধন বন্ধ করার জন্য উপকূলীয় এলাকায় শিগগির অভিযান চালানো হবে।