উপকূলে জলোচ্ছ্বাসের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় মহাসেন আজ বৃহস্পতিবার দুপুর নাগাদ চট্টগ্রাম-কক্সবাজারসহ উপকূলীয় এলাকা অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় ১৫টি জেলা, দ্বীপ ও চরগুলোতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১০ ফুট উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে।ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল বুধবার রাত ১০টার পর থেকে উপকূলীয় বেশ কয়েকটি এলাকায় দমকা বাতাস ও বৃষ্টি শুরু হয়েছে। রাত ১২টার দিকে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। কক্সবাজারের টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপ, কক্সবাজারের মহেশখালী এবং বরগুনার উপকূলীয় এলাকায় বাতাসের গতিবেগ ও বৃষ্টির পরিমাণ ছিল বেশি।গতকাল রাত সোয়া ১২টায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ দুপুর নাগাদ ঘূর্ণিঝড়টি পটুয়াখালীর খেপুপাড়া ও কক্সবাজারের টেকনাফ উপকূলের মধ্য দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৬২ কিলোমিটার। যা ঝোড়ো হাওয়ার আকারে ৯০ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল ছিল।

দেশের দক্ষিণের উপকূলীয় জেলাগুলোর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, রাত সোয়া ১২টা নাগাদ ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বন্দর থেকে ৫৫৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৫০০ ও মংলা বন্দর থেকে ৪৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

জাতিসংঘের দুর্যোগ সতর্কীকরণবিষয়ক সংস্থা জিডিএসিএসের মতে, ঘূর্ণিঝড়টির বাতাসের গতি কম হলেও এর প্রভাবে উপকূলে জলোচ্ছ্বাস হতে পারে। এটি বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার ও মিয়ানমারের রাখাইন রাজ্যে সবচেয়ে বেশি আঘাত হানতে পারে। এসব এলাকার উপকূলের নিম্নাঞ্চলে রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো অবস্থিত। তারাই প্রথম আঘাতের শিকার হতে পারে। তবে ঝড়টি যেকোনো সময় দিক পরিবর্তন করতে বা দুর্বলও হয়ে যেতে পারে।

এদিকে গতকালই চট্টগ্রাম-কক্সবাজারসহ উপকূলীয় জেলাসমূহে জনজীবন অচল হয়ে পড়ে। সমুদ্রবন্দরগুলোর আশপাশে থাকা জাহাজ ও নৌযানগুলো বন্দরের নিরাপদ স্থানে ফিরে এসেছে। দেশের অন্যান্য নদীবন্দরগুলো থেকেও নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

গতকাল বিকেল চারটা থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরবর্তী ১৮ ঘণ্টার জন্য সব ধরনের উড়োজাহাজ ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়। বন্ধ করে দেওয়া হয় দেশের বৃহত্তম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) সব কারখানা।

বেলা ১১টা থেকে বন্ধ ঘোষণা করা হয় চট্টগ্রামের নগর ও জেলার উপকূলীয় এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান। উপকূলীয় এলাকায় মাইকিং করে জনগণকে সতর্ক করা হয়। বাংলাদেশ নৌবাহিনীর জাহাজগুলোকে নিরাপদ স্থানে এবং বিমানবাহিনীর উড়োজাহাজগুলোকে চট্টগ্রাম থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন। কক্সবাজারের সমুদ্র উপকূল থেকে লাখ লাখ মানুষকে সরিয়ে আনা হয়েছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সমন্বিত দপ্তরের (ওকা) আশঙ্কা, মহাসেনের কারণে বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের এক কোটি ৮৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। এদের মধ্যে চট্টগ্রামের এক কোটি ৪৭ লাখ মানুষ ও বরিশালের ৯০ লাখ মানুষ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কবলে পড়তে পারে। এই তিনটি দেশের প্রায় ৩৫ লাখ মানুষ সমুদ্রপৃষ্ঠের পাঁচ মিটার ওপরে বসবাস করে। আর ঘূর্ণিঝড়ের কারণে এই উপকূলবাসীদের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড়টি আজ কক্সবাজার ও চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। ভূখণ্ড দিয়ে যাওয়ার সময় ঝড়ের গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার হতে পারে। এর সঙ্গে প্রচুর বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এবং এতে পাহাড়ধসের ঘটনা ঘটতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, কক্সবাজার ও চট্টগ্রাম বন্দর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ৭ নম্বর বিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মংলা বন্দর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকাকে ৫ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া দেশের ১৫টি উপকূলীয় জেলাকে ৭ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ওকার আঞ্চলিক পরিচালক অলিভার লেসি ঘূর্ণিঝড়-পরবর্তী পরিস্থিতি সামলানোর ব্যাপারে বাংলাদেশ সরকারকে সঠিক পদক্ষেপ ও প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি এই অঞ্চলকে বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে উল্লেখ করে এ ব্যাপারে জাতিসংঘ বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন।

জাতিসংঘের ওই সংস্থার পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টির ফলে ১ দশমিক ২ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস বয়ে যেতে পারে। অতি ভারী বর্ষণ হতে পারে—এই আশঙ্কার কথা উল্লেখ করে আবহাওয়া বিভাগ থেকে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও করা হয়েছে।

চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরসমূহকে ৭ নম্বর বিপৎসংকেত এবং উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল জেলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৭ নম্বর বিপৎসংকেতের আওতায় থাকবে।

মংলা সমুদ্রবন্দরকে ৫ নম্বর বিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৫ নম্বর বিপৎসংকেতের আওতায় থাকবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে পাঁচ-সাত ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

ঘূর্ণিঝড় অতিক্রমকালে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর জেলাসমূহ এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।