উপকূলে জোয়ারের চাপ, বিস্তীর্ণ এলাকা প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ার কারণে লঘুচাপের সৃষ্টি হয়েছে।
এর প্রভাবে দুই দিন ধরে উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে।
কলাপাড়া ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা গেছে, গত ৪৮ ঘণ্টায় পটুয়াখালী জেলায় ৮৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
লঘুচাপ ও অমাবস্যার প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। ফলে কলাপাড়া উপজেলার সব চরাঞ্চল এবং বন্যানিয়ন্ত্রণ বাঁধের বাইরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
দুই দফা জোয়ারের কারণে পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে উপজেলার চম্পাপুর ইউনিয়নের দেবপুর এবং মহিপুর ইউনিয়নের নিজামপুর গ্রামের অন্তত ৫ হাজার মানুষ।
এ দুটি এলাকার বন্যানিয়ন্ত্রণ বাঁধ ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে সৃষ্ট জোয়ারের চাপে ছুটে যায়। এরপর বাঁধ মেরামত না করায় ছুটে যাওয়া স্থান থেকে জোয়ারের পানি প্রবেশ করছে লোকালয়ে।
এ ছাড়া জোয়ারের পানিতে প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সমুদ্রসৈকত কুয়াকাটার বিস্তীর্ণ বেলাভূমি এবং লেম্বুরচর এলাকা। কলাপাড়া পৌর শহরের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হয়েছে।
কলাপাড়া ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্র এবং পাইলট বেলুন অবজারভেটরির (পিবিও) ইলেকট্রনিকস প্রকৌশলী প্রদীপ কুমার চক্রবর্তী জানান, সঞ্চালনশীল মেঘমালার ফলে সৃষ্ট লঘুচাপের প্রভাব কেটে না যাওয়া পর্যন্ত আবহাওয়া বর্তমান অবস্থায় বিরাজমান থাকবে। আর জোয়ারের পানির চাপ আরও তিন-চার দিন থাকবে।