উপকূলে ঝড়ে ২১ জনের মৃত্যু
ভোলা, নোয়াখালী, চট্টগ্রামের সন্দ্বীপ ও মিরসরাইয়ের ওপর দিয়ে বয়ে যাওয়া গত বুধবার রাতের ঝড়ে ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে নোয়াখালীর হাতিয়া ও কোম্পানীগঞ্জ উপজেলায় ১৩ জন মারা গেছে। ঝড়ের পর থেকে এই তিন জেলায় প্রায় আড়াই হাজার মানুষ নিখোঁজ রয়েছে। এদের বেশির ভাগই জেলে। এ ছাড়া ঝড়ে প্রায় সাড়ে ১৩ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: ভোলা: মনপুরা ও চরফ্যাশন উপজেলায় ঝড়ে চারজন নিহত হয়েছে। নিখোঁজ আছে দুই হাজারেরও বেশি জেলে। এ ছাড়া পাঁচ হাজার কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা, মারা গেছে গবাদিপশু। তজুমদ্দিন ও মনপুরা নৌপথের সি-ট্রাকটি ডুবে গেছে। বুধবার দিবাগত রাত একটার দিকে ঝড়টি আঘাত হানে, যা প্রায় দুই ঘণ্টাব্যাপী স্থায়ী ছিল।স্থানীয় লোকজন জানান, চরফ্যাশনের চরমাদ্রাজ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মোস্তফা মাঝির (৪০) নৌকা ডুবে যাওয়ার ঘটনা শুনে বাবা কৃষক আমির রাঢ়ী (৭০) মারা গেছেন। উপজেলার ঢালচরে জাকির মাতব্বরের স্ত্রী আমেনা বেগম (৪০) ঘরচাপায় ও শিহাব (১৪) নৌকাডুবিতে মারা গেছে। মনপুরার হাজীরহাট ইউনিয়নের দাশেরহাট গ্রামের আবদুল খালেক মাঝি (৩২) এবং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের শাহে আলম মাঝির (২৭) লাশ উদ্ধার করা হয়েছে।নোয়াখালী: ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে সুবর্ণচর উপজেলায় এক বৃদ্ধাসহ দুজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। নিহতরা হলেন মোহামঞ্চদপুর ইউনিয়নের চরকনকের হাবিবুর রহমানের স্ত্রী নূরজাহান বেগম (৬০) ও একই গ্রামের জসিম উদ্দিনের মেয়ে শারমিন আক্তার (১১)।ইউএনও খালিদ মেহেদী হাসান জানান, ঝড়ে সুবর্ণচরের বিভিন্ন ইউনিয়নের সহস্রাধিক কাঁচা ও টিনের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ১১ জন নিখোঁজ রয়েছে বলে তাঁদের কাছে তথ্য রয়েছে। গতকাল বৃহস্পতিবার সুবর্ণচরের চরক্লার্ক, মোহামঞ্চদপুর, চরবাটা, চরমজিদ ঘুরে দেখা যায়, ঝড়ে ওই সব এলাকার কাঁচা ঘরবাড়ির পাশাপাশি গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। কোম্পানীগঞ্জের ইউএনও আবদুল আউয়াল জানান, ঝড়ে চর এলাহী ইউনিয়নের গাঙচিল গ্রামের আমির হোসেন, নুর ইসলাম, মো. বাবুল ও মো. সিরাজ নামে চার জেলে ট্রলার ডুবে মারা গেছেন। এ ছাড়া উপজেলায় ২ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। হাতিয়া (নোয়াখালী): ভোরে গাছচাপায় ঘটনাস্থলেই নলচিরা ইউনিয়নের তুফানিয়া গ্রামের জেবল হকের ছেলে রাসেল (৭) মারা যায়। গতকাল সকালে স্বজনেরা চরচেঙ্গা খাল থেকে তমরদ্দি ইউনিয়নের আঠারবেকি গ্রামের ব্রজলাল জলধদাসের (৪৫) লাশ উদ্ধার করে। এ ছাড়া জাহাজমারা ইউনিয়নের আমতলী গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে সীমা (৯) ও ছেলে মামুন (১২), বিরবিরি গ্রামের মজেলা খাতুন (৬০) গাছচাপায় মারা গেছেন। চরকিং ইউনিয়নের দাসপাড়ার রাধাকান্ত দাসের স্ত্রী রাজশ্রী বালা দাস (৬০) ও গামছাখালী গ্রামের আবুল কাশেমের মেয়ে সুমাইয়া আকতার (২) ঘরচাপায় মারা যায়।সন্দ্বীপ (চট্টগ্রাম): ঝড়ে গাছের নিচে চাপা পড়ে তিনজন নিহত হয়েছে। প্রায় পাঁচ হাজার ঘর কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতেরা হলেন: সন্তোষপুর ইউনিয়নের খদিজা বেগম (৬৫), গাছুয়া ইউনিয়নের আনোয়ারা বেগম (৩০) ও সন্দ্বীপ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হরে কৃষ্ণ বৈষ্ণব (৬২)। জানা যায়, বুধবার দিবাগত শেষ রাতের দিকে হঠাৎ বাতাসের তীব্রতা বাড়তে থাকে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। ঝড়ের তীব্রতায় গাছপালা উপড়ে পড়ে। উপজেলার মূল সড়কের ওপর গাছ উপড়ে পড়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ঝড়ের কারণে সন্দ্বীপ-চট্টগ্রাম নৌপথে চলাচলকারী জাহাজ এমভি মনিরুল হক ও সন্দ্বীপের বিভিন্ন ঘাটে বাঁধা বেশ কয়েকটি যাত্রী ও মালবাহী নৌযান বাতাসের তীব্রতায় চরে আটকে যায়। মিরসরাই (চট্টগ্রাম): ঝড়ে উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় প্রায় ৫৯০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছের নিচে চাপা পড়ে সদর ইউনিয়নের সামছুল হক (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বিভিন্ন স্থানে ৬৫টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে যাওয়ায় পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়েছে।