উপকূলে দুই দিন ধরে ইলিশ ধরা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সাগর উপকূলে দুই দিন ধরে ইলিশ ধরা বন্ধ রয়েছে। কারণ, সাগর প্রচণ্ড রকম উত্তাল। এ কারণে আবহাওয়া অধিদপ্তর তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে ঘাটে নোঙর করে থাকতে হচ্ছে। গতকাল রোববার দুপুরে শহরের বাঁকখালী নদীর ছয় নম্বর জেটিঘাটে গিয়ে দেখা গেছে, কয়েক শ ট্রলার ঘাটে নোঙর করে আছে। শত শত জেলে ট্রলারে বসে থেকে অলস সময় পাড় করছেন। এফবি ফারজানা ট্রলারের জেলে নবী হোসেন (৪৫) বলেন, ‘সাত দিন ধরে সাগরে প্রচুর ইলিশ ধরা পড়েছে। প্রতিটি ট্রলার এক হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত ইলিশ ধরেছে। এতে জেলেরা মহাখুশি ছিলেন। কিন্তু শনিবার সকাল থেকে হঠাৎ সাগর প্রচণ্ড রকম উত্তাল হয়ে পড়েছে। বৈরী পরিবেশের কারণে আবহাওয়া অধিদপ্তর জারি করে তিন নম্বর সতর্ক সংকেত। ফলে আমাদের নদীতে নিরাপদ আশ্রয় নিতে হলো।’ কক্সবাজার বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, মাছ ধরা বন্ধ থাকায় জেলার বিভিন্ন স্থানের প্রায় সাত হাজার ট্রলারের এক লাখের বেশি জেলে বেকার হয়ে পড়েছেন। ২৫ সেপ্টেম্বর থেকে আগামী ৫ অক্টোবর পর্যন্ত ১০ দিনের জন্য সরকার সারা দেশে ইলিশ ধরা নিষিদ্ধ করেছে। কারণ, এ সময় ইলিশের প্রজনন মৌসুম চলবে। ফলে বিপুলসংখ্যক জেলেকে এবার মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। এতে অনেকে অর্থসংকটে পড়বেন।