কক্সবাজার সমুদ্র উপকূলে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ‘সাপ মাছ’ বা কামিলা। দেখতে সাপের মতো, তাই স্থানীয় বাজারে এ মাছের চাহিদা কম। সম্প্রতি এই মাছ ব্যাপক হারে রপ্তানি হচ্ছে হংকং, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে। এই মাছের ভুঁড়ি সেখানে বিক্রি হচ্ছে চড়া দামে। ভুঁড়ি দিয়ে তৈরি হচ্ছে স্যুপ।গতকাল বুধবার বিকেলে শহরের প্রধান পাইকারি মাছের বাজার নুনিয়াছটা ফিশারিঘাটে গিয়ে দেখা যায়, ২১টি ট্রলার থেকে হাজার হাজার কামিলা মাছ ঝুড়িতে বোঝাই করে বিক্রির জন্য নামানো হচ্ছে। ব্যবসায়ীরা এসব মাছ কিনে পেট কেটে ভুঁড়ি (ফদনা) বের করে মজুদ করছেন।স্থানীয় ব্যবসায়ী মো. বাদশা মিয়া (৪৫) বলেন, জেলেদের কাছ থেকে তাঁরা প্রতি কেজি কামিলা ৩২০ থেকে ৩৪০ টাকায় কেনেন। এরপর এই মাছের পেট কেটে ভুঁড়ি বের করা হয়। প্রতি কেজি ভুঁড়ি বিক্রি হয় সাত থেকে আট হাজার টাকায়। আর কাটা কামিলা মাছ বিক্রি হয় কেজি ১৫০ থেকে ১৭০ টাকায়। অনেকে শুঁটকি করার জন্য কাটা কামিলা কেনেন। বাদশা জানান, গতকাল সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তিনি দুই হাজারের বেশি কামিলা মাছ কিনেছেন।ব্যবসায়ী জাফর আলম (৫৬) বলেন, শীতের মৌসুমে উপকূলে ঝাঁকে ঝাঁকে কামিলা মাছ ধরা পড়ে। বিদেশে এই মাছের চাহিদা থাকায় বিক্রিও হচ্ছে চড়া দামে। খোঁজ নিয়ে জানা গেছে, টেকনাফ, সেন্ট মার্টিন, মহেশখালী ও কুতবদিয়া উপকূলে কয়েক দিন ধরে ব্যাপক হারে কামিলা ধরা পড়ছে। কক্সবাজার সামুদ্রিক মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদীন বলেন, চীন, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে পোপা এবং কামিলা মাছের চাহিদা খুব বেশি। এ দুটি মাছের ভুঁড়ি ওই দেশগুলোর অধিবাসীদের প্রিয় খাদ্য। সেখানে এসব ভুঁড়ি দিয়ে স্যুপ তৈরি করা হয়। এই স্যুপ দামি ও সুস্বাদু। প্রতি মাসে কক্সবাজার থেকে কোটি কোটি টাকার কামিলা মাছ ও এর ভুঁড়ি ওই দেশগুলোতে রপ্তানি হচ্ছে।কক্সবাজার বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, দেখতে সাপের মতো হলেও এই মাছ খেতে বেশ মজা। আগে খাদ্য হিসেবে এই মাছ শুধু আদিবাসীরা গ্রহণ করলেও সম্প্রতি বাঙালিদের অনেকেই এ মাছ খাচ্ছে।