উপকূলে নিষিদ্ধ জালে পোনা নিধন
কক্সবাজার সমুদ্রসৈকতের নাজিরারটেক থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটারজুড়ে কয়েক হাজার নিষিদ্ধ মশারি জালে চিংড়িপোনা ধরা হচ্ছে। গাছ ও বাঁশের খুঁটি দিয়ে এসব জাল সাগরের বিভিন্ন স্থানে পুঁতে রাখা হয়েছে। এতে যাত্রীবাহী ও মাছ ধরার নৌযান চলাচলে বিঘ্ন ঘটছে।এদিকে জাল বাঁধার জন্য সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে খুঁটি বানানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে একদিকে সাগরের মৎস্যভান্ডার যেমন ধ্বংস হচ্ছে, তেমনি পার্শ্ববর্তী সংরক্ষিত বন-জঙ্গলও উজাড় হচ্ছে। ধ্বংস হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য। চিংড়িপোনা ধরতে গিয়ে প্রতিদিন অন্যান্য প্রজাতির পোনাও ধ্বংস করা হচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কয়েক হাজার নারী-পুরুষ ও শিশু এসব পোনা নিধন করছে। গত ২০ জুন সকালে কুতুবদিয়া চ্যানেলের মগনামা, উজানটিয়া ও রাজাখালী উপকূলে গিয়ে এ দৃশ্য দেখা যায়।স্থানীয় লোকজন জানায়, পেকুয়া উপজেলার মগনামা, শরৎঘোনা, লঞ্চঘাট, পশ্চিমকুল, কাকপাড়া, রাজাখালী, সুন্দরীপাড়া, বকশিয়াঘোনা, উজানটিয়া, ফেরাসিঙ্গাপাড়া, নতুনপাড়া, ঘোষালপাড়াসহ বিভিন্ন গ্রাম থেকে প্রতিদিন কোটি কোটি চিংড়িপোনা সরবরাহ করা হচ্ছে।পেকুয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল জানান, জুন-জুলাইয়ে সাগর চ্যানেলে মাছ ডিম ছাড়ে। এই সময় পোনা ধরা নিষিদ্ধ। কিন্তু তার পরও চুরি করে অনেকে পোনা ধরছে।কক্সবাজার সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মইনুদ্দিন জানান, একটি চিংড়িপোনা ধরার বিপরীতে অন্যান্য প্রজাতির ৮০টি পোনা ধ্বংস করা হচ্ছে। পোনা ধরার সময় অভিযান চালিয়ে নিষিদ্ধ জাল জব্দ করা হয়। কিন্তু দুই-তিন দিন পর আবার জাল নিয়ে পোনা ধরা শুরু হয়। এত কম জনবল দিয়ে বিশাল সমুদ্র উপকূলীয় এলাকা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। পোনা বিক্রেতা জাকের হোছাইন, জালাল আহমদ ও আবুল শামা জানান, তাঁরা দাদন দিয়ে লোকজনকে চিংড়িপোনা ধরতে সহযোগিতা করেন। তারপর সেই পোনা খুলনা, বাগেরহাট, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন। পেকুয়ার শতাধিক ব্যক্তি পোনা ব্যবসার সঙ্গে জড়িত। মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল মোস্তফা চৌধুরী বলেন, ‘এই ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ পোনা ধরে জীবিকা নির্বাহ করছে। পোনা ধরা বন্ধ করলে অনেকে না খেয়ে মারা যাবে।’ সরেজমিনে দেখা গেছে, সৈকতের নাজিরারটেক, ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট, কলাতলী, আদর্শগ্রাম, হিমছড়ি, বড়ছড়া, ইনানী, শিলখালী, মনখালী, বাহারছড়া, শাপলাপুর, জাহাজপুরা, বড়ডেইল, সাবরাং, শাহপরীর দ্বীপে কয়েক হাজার নীল মশারির জাল বসিয়ে চিংড়িপোনা ধরা হচ্ছে। গত ২৩ জুন সকাল সাতটায় শহরের ডায়াবেটিক হাসপাতাল পয়েন্টে গিয়ে দেখা যায়, বৃষ্টিতে ভিজে পোনা ধরছে ২০-২৫ জন নারী ও শিশু। এঁদের একজন রেহেনা বেগম (৪৫) জানান, জালে বিভিন্ন রকমের পোনা ধরা পড়ে। তাঁরা শুধু চিংড়ি পোনা নিয়ে অন্য পোনাগুলো বালুচরে ফেলে দেন।কক্সবাজার চিংড়িপোনা ব্যবসায়ী সমিতির সভাপতি নূর মোহামঞ্চদ জানান, বর্ষার এই সময়টায় সৈকতের ১০০ কিলোমিটারজুড়ে প্রায় এক লাখ গরিব মানুষ চিংড়িপোনা আহরণ করে জীবিকা নির্বাহ করে। আয়-রোজগারের বিকল্প ব্যবস্থা না করে এদের উচ্ছেদ করা সম্ভব নয়।