উপকূলে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তাব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী পূর্ণিমার তিথিতে সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরের দুবলার চরে শুরু হচ্ছে শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব। তিথি অনুযায়ী আগামী ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরসংলগ্ন সুন্দরবনের দুবলারচরের আলোর কোল নামক স্থানে তিন দিনব্যাপী এ রাস উৎসব অনুষ্ঠিত হবে।
রাস পূর্ণিমাকে কেন্দ্র করে উৎসব ও মেলা উদ্যাপনের জন্য ব্যাপক প্রস্তুতি চলছে। এ উপলক্ষে সুন্দরবন উপকূলজুড়ে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তাব্যাবস্থা। তীর্থযাত্রী ও দর্শনার্থীর ছদ্মবেশে হরিণ শিকার বন্ধে বন বিভাগ এবার বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। এ জন্য আগামী ২ নভেম্বর থেকে সুন্দরবনের ১৬টি জায়গায় বন বিভাগের বিশেষ দল কাজ করবে।
বন বিভাগ সূত্রে জানা যায়, তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপদে যাতায়াতের জন্য বন বিভাগ আটটি নৌপথ নির্ধারণ করেছে। এসব পথে নৌবাহিনী, কোস্টগার্ড, র্যাব, বন বিভাগ, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দায়িত্ব পালন করবে।
পরিবেশ দূষণ করে এমন বস্তু, মাইক বাজানো, পটকা ফোটানো, বিস্ফোরকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
মেলা উদ্যাপন কমিটির চেয়ারম্যান ও দুবলা ফিসারম্যান গ্রুপের চেয়ারম্যান জিয়াউদ্দিন বলেন, কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকলে দেশের বিভিন্ন এলাকা ও প্রতিবেশী দেশ ভারত, মিয়ানমার, নেপাল ও শ্রীলঙ্কাকাসহ বিভিন্ন দেশের দুই লাখ তীর্থযাত্রী ও পর্যটক এ উৎসবে আসতে পারেন বলে আশা করা হচ্ছে। ৭ তারিখ পুণ্যস্নানের মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।