উপকূলে ভেসে আসছে মৃত জেলি ফিশ
কক্সবাজারের টেকনাফ উপকূলে বিভিন্ন স্থানে প্রতিদিন ভেসে আসছে মৃত জেলি ফিশ।স্থানীয় সূত্র জানায়, গত এক সপ্তাহে টেকনাফ সমুদ্রসৈকতের মহেশখালিয়াপাড়া, মিঠাপানির ছড়া, রাজারছড়া, বড় ডেইল, শীলখালী ও সেন্ট মার্টিন দ্বীপ এলাকার বিভিন্ন স্থানে পাঁচ শতাধিক মৃত জেলি ফিশ ভেসে এসেছে।পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, মত্স্য জোন হিসেবে পরিচিত এই উপকূলের ৫৮ কিলোমিটার এলাকায় পাঁচ হাজারের বেশি ট্রলার ও ছোট-বড় নৌকার মত্স্যজীবীরা কারেন্ট জাল ব্যবহার করেন। যন্ত্রচালিত ট্রলারের আঘাতে অনেক জেলি ফিশ মারা যায়। এ ছাড়া জেলেদের জালে আটকা পড়ে প্রচুর জেলি ফিশ মারা পড়ে।স্থানীয় জেলে আবদুর রহিম ও আশেক উল্লাহ বলেন, জালে আটকা পড়লে জেলি ফিশ জাল ছিঁড়ে ফেলে। তাই সেগুলো মেরে ফেলা হয়। এগুলো শরীরে লাগলে চুলকানি হয়। আটকা পড়া জেলিফিশের ওজন ১৫ থেকে ৩০ কেজি পর্যন্ত হয়।সিলেট থেকে আসা পর্যটক তানভির আহমদ বলেন, মৃত জেলি ফিশ সৈকতে পড়ে থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এগুলো পুঁতে ফেলার কোনো ব্যবস্থা না থাকায় সৈকতের পরিবেশ নষ্ট হচ্ছে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, মাছ শিকারের জন্য বড় বড় ট্রলিং জাল ব্যবহার করেন জেলেরা। এসব জালে আটকা পড়া জেলি ফিশ দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত জীবিত থাকতে পারে। এরপর সেগুলো মারা যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, জেলি ফিশের ডিম ও বাচ্চা অন্যান্য মাছের খাদ্য। তাই জেলি ফিশ মাছের বংশবিস্তারে সহায়তা করে। জেলি ফিশ রক্ষা করা না গেলে মাছের সংকট দেখা দিতে পারে।উপজেলা ভারপ্রাপ্ত মত্স্য কর্মকর্তা ছৈয়দ হুমায়ুন মোরশেদ বলেন, সারা দেশে ১৮৬টি ট্রলিং ট্রলার রয়েছে। ট্রলিং জালে আটকালে জেলি ফিশসহ অন্যান্য জলজ প্রাণীর মৃত্যু অনিবার্য। অবৈধ কারেন্ট জালে আটকে পড়ে জেলি ফিশের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ইসিএ কমিটির সভাপতি মো. সামছুল ইসলাম জানান, উপকূলীয় এলাকায় মৃত জেলি ফিশ ভেসে আসার খবর তাঁরা পেয়েছেন। জালে আটকা পড়া জেলি ফিশ যাতে মারা না হয়, সে ব্যাপারে জেলেদের উদ্বুদ্ধ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিংয়ের ব্যবস্থা নেওয়া হচ্ছে।