উপকূলে ভেসে আসছে মৃত ডলফিন

কক্সবাজারের টেকনাফ উপকূলে নির্বিচারে ডলফিন নিধনের অভিযোগ পাওয়ার গেছে। জেলেদের জালে আটকা পড়া ডলফিন মেরে সাগরে ফেলে দেওয়া হচ্ছে। সেসব মৃত ডলফিন ভেসে আসছে তীরে। এভাবে ডলফিন নিধন অব্যাহত থাকলে তা জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব ফেলবে বলে জানিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞরা।
স্থানীয় বাসিন্দারা জানান, গত এক সপ্তাহে উপকূলের বিভিন্ন স্থানে জোয়ারের পানিতে অন্তত ১৫টি মৃত ডলফিন ভেসে এসেছে। ভেসে আসা ডলফিনের পিঠ, মাথা ও চোখে আঘাতের চিহ্ন ছিল।
গতকাল বুধবার বিকেলে সরেজমিনে টেকনাফের মহেষখালীয়াপাড়া, দরগারছড়া ও রাজারছড়া সৈকতের বালুচরে গিয়ে আটটি মৃত ডলফিন পড়ে থাকতে দেখা গেছে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক রেজাউল করিম চৌধুরী জানান, ডলফিন মেরে ফেলা বন্য প্রাণী আইনে শাস্তিযোগ্য অপরাধ। কোনো জালে ডলফিন আটকা পড়লে সেটিকে মেরে না ফেলে সমুদ্র ছেড়ে দেওয়া উচিত।
দরগারছড়া এলাকার জেলে আবদুর রশিদ ও নজরুল ইসলাম জানান, কয়েক দিন আগে এই সৈকতে আরও তিনটি মৃত ডলফিন ভেসে এসেছিল। সেগুলো মাটিতে পুঁতে না ফেলায় দুর্গন্ধ ছড়াচ্ছে।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন জানান, দু-তিন দিন আগে পশ্চিমপাড়া সৈকতে প্রায় তিন মণ ওজনের একটি মরা ডলফিন ভেসে আসে। সেটির গায়ে আঘাতের চিহ্ন ছিল।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম জানান, ডলফিন নিধন বন্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
স্থানীয় ব্যক্তিরা বলছেন, সাগরে মাছ ধরার জালে আটকা পড়ার পর জেলেরা এসব ডলফিন পিটিয়ে মেরে পানিতে ফেলে দিচ্ছেন। তবে টেকনাফ বোট মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন দাবি করেন, জালে আটকা পড়া ডলফিন না মেরে পানিতে ছেড়ে দেওয়া হয়।
কক্সবাজার জেলা বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, জেলেদের নিষ্ঠুরতায় ব্যাপকহারে দুর্লভ প্রজাতির ডলফিনের মৃত্যু ঘটায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। জেলেদের সচেতনতা বাড়াতে সভা, সেমিনার ও মাইকিং করা প্রয়োজন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, ডলফিন মানুষের ক্ষতি করে না। ডলফিন মারলে জেল-জরিমানার বিধান রয়েছে। শাস্তির বিষয়টি এটি জেলেদের জানাতে হবে। একই সঙ্গে তাদের সচেতন করতে হবে।