উপকূলে মশারি জাল দিয়ে নির্বিচারে পোনা নিধন
চিংড়ির পোনা আহরণের নামে কক্সবাজারের কুতুবদিয়া উপকূলজুড়ে মশারি জাল দিয়ে বিভিন্ন প্রজাতির কোটি কোটি পোনা নিধন চলছে। চিংড়ির পোনা ধরার ব্যাপারে মৎস্য অধিদপ্তর থেকে নিষেধাজ্ঞা থাকলেও কেউ তা মানছে না। এ ব্যাপারে প্রশাসনও নীরব ভূমিকা পালন করছে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক মোহাম্মদ জাফর আলম প্রথম আলোকে বলেন, একটি চিংড়ির পোনার জন্য ৫০০ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছের পোনা মেরে ফেলা হয়। অনেকাংশে দেখা গেছে, দু-তিনটি মশারি জাল থেকে কয়েকটি চিংড়ির পোনা পাওয়া গেলেও চেনা-অচেনা লাখ লাখ সামুদ্রিক মাছের পোনা মেরে ফেলা হয়।কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ গোলাম রব্বানি বলেন, কুতুবদিয়া উপজেলা মৎস্য কার্যালয়ে একজন সহকারী মৎস্য কর্মকর্তা ছাড়া সব পদই শূন্য। জনবল সংকটের কারণে দ্বীপে ও উপকূলে পোনা ধরা বন্ধ করা যাচ্ছে না। অবশ্য পোনা নিধন বন্ধ করার জন্য প্রতিটি উপজেলায় মাইকিং করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পোনা আহরণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।কুতুবদিয়া দ্বীপের আজম কলোনী গ্রামের পোনা আহরণকারী জামাল উদ্দিন (৪০) জানান, চিংড়ির পোনা আহরণ করা হয় বৈশাখ থেকে আষাঢ় মাস পর্যন্ত। এ তিন মাস মা-মাছ ডিম ছাড়ে। কুতুবদিয়া চ্যানেলে জোয়ারের সময় ২০০ থেকে ৩০০ চিংড়ির পোনা জালে ধরা পড়ে। এ পোনাগুলোর প্রতিটি গড়ে ৪০ থেকে ৫০ পয়সা বিক্রি করা হয় পাইকারদের কাছে। ২০০ থেকে ৩০০ চিংড়ির পোনা ধরার জন্য বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছের লাখ লাখ পোনা মারা যায় বলে তিনি স্বীকার করেন। লেমশীখালী ইউনিয়নের পেয়ারাকাটা গ্রামের শামসুল আলম (৫৫) বলেন, কুতুবদিয়া দ্বীপে চিংড়ির পোনা আহরণের জন্য আটজন মহাজন পুঁজি বিনিয়োগ করে মানুষকে এ কাজে ব্যবহার করছেন। মহাজন ছাড়া পোনা অন্য কোথাও বিক্রি করা যায় না। তাই মহাজনের কাছে আহরণকারীরা জিম্মি।কুতুবদিয়া উপজেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সম্পাদক জয়নাল আবেদিন বলেন, চিংড়ির পোনা ধরার জন্য মশারি জাল ব্যবহার করা হয়। এ সময় কয়েকটি চিংড়ির পোনা ধরা পড়লেও বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছের হাজার হাজার পোনা পানিতে না ফেলে বালুচরে ফেলে দেওয়া হয়। এভাবে পোনা ধ্বংস করা হলে সাগর একদিন মাছশূন্য হয়ে পড়বে।