উপকূলে মা কচ্ছপ মারা হচ্ছে
কুতুবদিয়া থেকে সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার সমুদ্র উপকূলে ডিম পাড়তে আসা মা কচ্ছপ মারা হচ্ছে। কয়েক দিন ধরে প্রবালদ্বীপ সেন্ট মার্টিন, শাহপরীর দ্বীপ, সাবরাং, মহেশখালীয়াপাড়া, হাজামপাড়া, মনখালী, ইনানী, হিমছড়ি, নাজিরারটেক, সোনাদিয়াসহ বিভিন্ন সৈকতে অসংখ্য মরা কচ্ছপ ভেসে আসছে। কারণ, পুরো উপকূলে পুঁতে রাখা হয়েছে হাজার হাজার নিষিদ্ধ জাল। হাজার কিলোমিটার গভীর সাগর থেকে উপকূলে ডিম পাড়তে আসা মা কচ্ছপগুলো নিষিদ্ধ জালে আটকা পড়ছে। ‘কক্সবাজার বাঁচাও আন্দোলন’ সংগঠনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, পাঁচ-ছয় বছর ধরে জালে আটকা পড়ে অসংখ্য মা কচ্ছপের মৃত্যু হলেও সংশ্লিষ্ট মহলের কোনো তৎপরতা নেই। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় একদল সাংবাদিক কক্সবাজার শহর থেকে স্পিডবোট নিয়ে বঙ্গোপসাগরের নাজিরারটেক ও সোনাদিয়া চ্যানেল পরিদর্শন করে দেখতে পান একটি কচ্ছপের শরীরজুড়ে নিষিদ্ধ জাল জড়ানো রয়েছে। কচ্ছপটির মুখে আঘাতের চিহ্ন এবং ক্ষতস্থান দিয়ে লাল রক্ত ঝরছে। পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের কর্মকর্তা সাইফুল তারেক বলেন, ক্লান্ত শরীরে মা কচ্ছপগুলো কূলে ওঠার সময় পুঁতে রাখা নিষিদ্ধ জালে আটকা পড়ে মারা যাচ্ছে।