উপকূলে মা কচ্ছপের মৃত্যু রোধ করার কেউ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার উপকূলে ডিম পাড়তে আসা মা কচ্ছপের মৃত্যু রোধ করা যাচ্ছে না। গত দেড় মাসে সৈকতে ভেসে আসে প্রায় ৭০০ মৃত মা কচ্ছপ। বহু মৃত কচ্ছপ সাগরের পানিতে ভাসছে। তার পরও কুতুবদিয়া থেকে সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত জেলার ১০০ কিলোমিটার সমুদ্র উপকূলে পুঁতে রাখা কয়েক হাজার নিষিদ্ধ জাল উচ্ছেদ করা হচ্ছে না।গতকাল মঙ্গলবার সকাল আটটায় কক্সবাজার শহরের নাজিরারটেক ও ফদনারডেইল উপকূল ঘুরে ৩০ থেকে ৩৫ কেজি ওজনের দুটি মরা কচ্ছপ ভেসে আসতে দেখা গেছে। কচ্ছপ দুটির মুখ ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। একটি কচ্ছপের শরীরে নিষিদ্ধ কারেন্ট জাল জড়ানো। বালুচরে পড়ে থাকা কচ্ছপগুলো নিয়ে কুকুর টানাটানি করছে। কক্সবাজার মৎস্য ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি মো. জয়নাল আবেদীন বলেন, সাগরে পুঁতে রাখা জালে গর্ভবতী কচ্ছপ আটকা পড়লে জেলেরা লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন। তারপর মৃতদেহটি সাগরে নিক্ষেপ করেন। জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আহমেদ বলেন, গভীর সাগরে পুঁতে রাখা নিষিদ্ধ জালে আটকা পড়ে মা কচ্ছপের মৃত্যু হচ্ছে সত্যি, কিন্তু সমুদ্রে নামানোর মতো ট্রলার বা জাহাজ মৎস্য বিভাগের নেই। নেই জনবলও। তাই অভিযান চালানো সম্ভব হচ্ছে না। তবে কোস্টগার্ড ও পুলিশ বাহিনীর সহযোগিতায় শিগগিরই নিষিদ্ধ জাল উচ্ছেদে উপকূলে অভিযান চালানো হবে।