উপকূলে লাখো জেলে অসহায়
সাতক্ষীরায় সুন্দরবনের বিভিন্ন নদী, খাল এবং কক্সবাজারের উপকূলীয় এলাকায় দস্যুদের রামরাজত্ব চলছে। অসহায় হয়ে পড়েছেন ওই অঞ্চলের লাখো জেলে। মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে দস্যুদের অত্যাচারের কারণে জেলেরা নৌকা-জাল ফেলে পালাতে বাধ্য হচ্ছেন। ট্রলার ও মাছ লুটের ঘটনাও ঘটছে অহরহ। যাঁরা পালাতে পারছেন না, তাঁরা অপহরণের শিকার হচ্ছেন। পরে মুক্তিপণ দিয়ে রেহাই পাচ্ছেন। সাতক্ষীরায় সুন্দরবন এবং কক্সবাজারের উপকূলীয় এলাকার জেলে, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বিভিন্ন সূত্রে জানা যায়, সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলার অন্তত ২৫ হাজার জেলে সুন্দরবনের নদী-খালে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন। চলতি বছরের নভেম্বর থেকে সুন্দরবনে দস্যুদের তৎপরতা বেড়েছে। ভুক্তভোগীরা জানান, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চারটি স্টেশন এলাকা ছাড়াও আশপাশের এলাকায় জুলফিকার বাহিনী, রাজু বাহিনী, মোতালেব বাহিনী, মান্নান বাহিনী এবং ভারতের বিমল বাহিনী নামের কয়েকটি বাহিনী সক্রিয় রয়েছে।শ্যামনগরের সিংহড়তলী গ্রামের নূর হোসেন ও হরিনগর গ্রামের বাক্কার গাজী জানান, সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে মাছ ও কাঁকড়া ধরার পাস (অনুমতি) নিয়ে তাঁরা আটটি নৌকায় ২০ জন জেলে ৭ ডিসেম্বর সুন্দরবনের ভেতরের নদীতে যান মাছ ধরতে। ওই দিন সন্ধ্যায় চুনকুড়ি নদীর মাথাভাঙ্গা এলাকায় পৌঁছালে ১২-১৪ জনের দস্যুদল মান্নান বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তাঁদের জিম্মি করে। পরে মাথাপিছু ২০ হাজার টাকা করে দাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাঁদের মারধর করা হয়। পাঁচ দিন সুন্দরবনের বিভিন্ন খালে আটকে রেখে নির্যাতন চালানো হয়। জেলেদের পরিবারের পক্ষ থেকে মাথাপিছু ১৫ হাজার টাকা করে দেওয়া হলে মালঞ্চ নদীর উলোবেড়ে খালে এনে তাঁদের ছেড়ে দেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জেলে জানান, ১১ ডিসেম্বর বনদস্যু মান্নান বাহিনী ও বনদস্যু রাজু বাহিনীর মধ্যে ঘণ্টাব্যাপী গুলিবিনিময়ের ঘটনা ঘটে সুন্দরবনের বিবির মেদে এলাকায়। ১৮ ডিসেম্বর বন বিভাগের সদস্যদের সঙ্গে বনদস্যু মজনু বাহিনীর গুলিবিনিময় হয় সুন্দরবনের মালঞ্চ নদীর তালতলী এলাকায়। দস্যুদের গ্রেপ্তারে অভিযান চালাতে গিয়ে খুলনার বন সংরক্ষক (সিএফ) আকবর হোসেন, পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. জহিরউদ্দিন ও সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক তৌফিকুল ইসলাম মজনু বাহিনীর মুখে পড়েন। এ সময় বন বিভাগের পক্ষ থেকেও পাল্টা গুলি চালানো হয়।শ্যামনগরের হরিনগর গ্রামের জেলে রাজ্জাক গাজী ও মুন্সিগঞ্জ গ্রামের মধুজিৎ অভিযোগ করেন, দস্যুরা মুক্তিপণের দাবিতে জেলেদের জিম্মি করার ঘটনা পুলিশ বা বন বিভাগকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। সহকারী বন সংরক্ষক তৌফিকুল ইসলাম ১৮ ডিসেম্বর দস্যুদের সঙ্গে গুলিবিনিময়ের কথা স্বীকার করেন। সাতক্ষীরার কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার জানান, তাঁরা ঘটনাগুলো লোকমুখে শুনেছেন। কিন্তু কেউ অভিযোগ করেনি।কক্সবাজার উপকূলের সোনাদিয়া চ্যানেলে গত ২৮ নভেম্বর কালু বাহিনী অস্ত্রের মুখে এফবি সখিনা ট্রলারের ১৭ জেলেকে জিম্মি করে অন্তত চার লাখ টাকার মাছ লুট করে। ট্রলারের মাঝি (সারেং) নুর মোহাম্মদ (৪৬) জানান, গভীর সাগর থেকে মাছ ধরে ফেরার সময় তাঁদের ট্রলারে হামলা চালানো হয়। দস্যুরা লুটপাটের পর জেলেদের হাত-পা বেঁধে ট্রলারটি সাগরে ভাসিয়ে দেয়। অপর দুটি ট্রলারের জেলেরা তাঁদের উদ্ধার করেন। নুর মোহাম্মদ অভিযোগ করেন, কালু বাহিনীর সদস্যরা এক মাস আগেও এই ট্রলারে হামলা চালিয়ে দেড় লাখ টাকার মাছ লুট করে। স্থানীয় সূত্রে জানা যায়, কালু বাহিনীর লুণ্ঠিত মাছ, ইঞ্জিন ও জাল বিক্রি করেন সোনাদিয়ার মোকারম ও আনজু নামের দুই ব্যক্তি। পুলিশ নানা চেষ্টা করেও এদের কাউকে ধরতে পারছে না। প্রত্যক্ষদর্শী, হামলার শিকার জেলে ও ট্রলারের মালিকেরা জানান, সোনাদিয়া, টেকনাফ এবং উখিয়া উপকূলে মহেশখালীর নাগু বাহিনী ও ফিরোজ বাহিনী, মাতারবাড়ি উপকূলে শামসু বাহিনী, কুতুবদিয়া উপকূলে রমিজ বাহিনী, বাইল্যা বাহিনী; গোরকঘাটা চ্যানেলে একরাম বাহিনী, ঘটিভাঙ্গা চ্যানেলে সব্বির বাহিনী, সন্দ্বীপ, হাতিয়া, রামগতি, সুন্দরবন উপকূলে জুলফিকার বাহিনী, টিয়া বাহিনী, কৃঞ্চসাগর বাহিনী, মতলব বাহিনী ও গিয়াস বাহিনী ট্রলারে হামলা, লুটপাটসহ নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন এলাকায় রাজনৈতিক দলের নেতা ও জনপ্রতিনিধিরাও দস্যুদের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান জানান, নভেম্বর মাসে কক্সবাজারের অন্তত ২১টি মাছ ধরার ট্রলার লুটপাটের শিকার হয়। দস্যুদের ভয়ে এখন জেলেরা সাগরে নামতে সাহস পাচ্ছেন না। ভুক্তভোগীরা জানান, সম্রাট ও রমিজ বাহিনী সেন্ট মার্টিন থেকে কুতুবদিয়া পর্যন্ত উপকূল নিয়ন্ত্রণ করে। অন্যান্য বাহিনীও মূলত এদের নিয়ন্ত্রণেই রয়েছে। মাঝেমধ্যে এদের মধ্যে সংঘর্ষও হয়। ওই এলাকার বাইল্যা বাহিনীর প্রধান আমান উল্লাহ ওরফে বাইল্যা ২৪ নভেম্বর কক্সবাজারের স্থানীয় একটি পত্রিকার কার্যালয়ে গিয়ে অভিযোগ করেন, ২২ নভেম্বর কুতুবদিয়া উপকূলে তাঁর ১০ জন জেলেকে হত্যা করে সাগরে ফেলে দেয় রমিজ বাহিনী। তাঁরা হলেন: কুতুবদিয়ার দক্ষিণ ধুরুং গ্রামের নুর কাদের, মোশারফ হোসেন, ইব্রাহিম, শাহজাহান, গুনু মিয়া; উত্তর ধুরুং গ্রামের সিরাজ উল্লাহ, ইকবাল হোসেন; লেমশিখালী গ্রামের দলিলুর রহমান, কৈয়ারবিল গ্রামের মাসুদ আলম ও টুনু মিয়া। বাইল্যা দাবি করেন, তিনি সাগরে লাফিয়ে পড়ে প্রাণে রক্ষা পান।ভিন্ন সূত্রে জানা যায়, ওই দিন সাগরে বাইল্যা বাহিনী একটি ট্রলারে লুটপাট চালানোর সময় রমিজ বাহিনী সেখানে হাজির হয়। লুটপাটের পর বাইল্যা বাহিনীর ১০ জনকে হত্যা করে সাগরে ফেলে দেওয়া হয়। কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউসুফ সিদ্দিকী জানান, ওই ১০ জনের খোঁজ পাওয়া যায়নি। ওসি আরও জানান, দীর্ঘদিন আগে রমিজ জলদস্যু সম্রাট নামে পরিচিত ছিল। রমিজের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা রয়েছে। যোগাযোগ করা হলে রমিজ আহমদ সাংবাদিকদের বলেন, ‘এলাকার একটি কুচক্রী মহল আমাকে দস্যু সম্রাট বানিয়ে ফায়দা লোটার চেষ্টা করছে।’ সাগরে ১০ ব্যক্তি হত্যা প্রসঙ্গে রমিজ জানান, তিনি বিষয়টি শুনেছেন।কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান জানান, ২ নভেম্বর সন্ধ্যায় সুন্দরবন উপকূলে একটি ট্রলারে ১৬ জেলেকে জিম্মি করে স্থানীয় রাজু ও আব্বাস বাহিনী। ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত ছয় দিনে স্থানীয় জুলফিকার বাহিনী, টিয়া বাহিনী, কৃঞ্চসাগর বাহিনী, মতলব বাহিনী ও গিয়াস বাহিনী কক্সবাজারের আরও ১১টি ট্রলারসহ সব মিলিয়ে ১৬১ জেলেকে অপহরণ করে। ১২ নভেম্বর ঢাকায় গিয়ে জিম্মি ১৬১ জেলের মুক্তির ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লিখিতভাবে জানানো হয়। মুজিবুর রহমান জানান, এরপরও কাজ না হওয়ায় গত তিন-চার দিনে দস্যুদের সঙ্গে সমঝোতা করে সবাইকে ছাড়িয়ে আনা হয়েছে। এ জন্য মাথাপিছু বিপুল পরিমাণ টাকা দিতে হয়েছে বলে দাবি করেন তিনি। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এসব ঘটনায় মামলাও হয় না। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন কর্মকর্তা জানান, সাগরে ট্রলারে ডাকাতি হলে পুলিশ মামলা নিতে পারে না। এর অন্যতম কারণ হচ্ছে, সাগর এলাকা পুলিশের আওতাবহির্ভূত। কুতুবদিয়া ও সোনাদিয়া চ্যানেলে দুটি নৌ-পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য পুলিশ সদর দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। কক্সবাজারের পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝি জানান, কক্সবাজার, কুতুবদিয়া ও মহেশখালী উপকূলে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে জলদস্যুদের তালিকা তৈরির কাজ চলছে। শিগগিরই এদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর আলম বলেন, আট বছর আগে এখানে কোস্টগার্ডের একটি ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত হয়। কিন্তু সেই সিদ্ধান্ত এখনো বাস্তবায়িত হয়নি।