উপকূলে শামুক-ঝিনুক নিধন চলছেই
কক্সবাজারের মহেশখালী উপকূল থেকে শামুক-ঝিনুক আহরণ করে তা বাইরে বিক্রি করা হচ্ছে। এসব শামুক-ঝিনুক গুঁড়ো করে বানানো হচ্ছে মুরগি ও মাছের খাবার এবং চুন। অবাধে শামুক-ঝিনুক নিধন করায় পরিবেশের বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদেরা। খোঁজ নিয়ে জানা গেছে, মহেশখালীর উপকূলীয় এলাকা সোনাদিয়া, মগচর, বহদ্দারখাল, ঘটিভাঙ্গা, তাজিয়াকাটা, ধলঘাট ও মাতারবাড়ির পশ্চিমে চর এলাকা থেকে দীর্ঘদিন ধরে শামুক-ঝিনুক আহরণ করছেন স্থানীয় লোকজন। জোয়ারের পানি নেমে যাওয়ার পর চর এলাকায় আটকা পড়া এসব শামুক ও ঝিনুক আহরণ করার পর বস্তায় ভরে বাইরে বিক্রি করা হয়। পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে গত ২৭ সেপ্টেম্বর উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা ব্রিজসংলগ্ন এলাকার একটি গুদাম থেকে ৩৫০ বস্তা শামুক-ঝিনুক জব্দ করে। এ সময় চারজনকে পরিবেশ অধিদপ্তর নোটিশ দেয়।সোনাদিয়া পশ্চিমপাড়ার বাসিন্দা কামাল পাশা ও জফুর মিয়া জানান, জাল কিনে সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করার মতো সামর্থ্য নেই তাঁদের। এ কারণে সমুদ্রের চর এলাকা থেকে শামুক-ঝিনুক আহরণ করে কোনো রকমে সংসার চালাচ্ছেন। তাঁরা আরও জানান, প্রতি বস্তা শামুক-ঝিনুক ১০০-১৫০ টাকা করে স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। সোনাদিয়ার পশ্চিমপাড়ার গ্রাম সংরক্ষণ দলের সভাপতি গিয়াস উদ্দিন বলেন, স্থানীয় দুই শতাধিক লোক প্রতিদিন সোনাদিয়া দ্বীপের চর এলাকা থেকে শামুক-ঝিনুক আহরণ করেন। সোনাদিয়ার মোহাম্মদ হোছন ও মোহাম্মদ ফোরকানসহ ১০ ব্যবসায়ী শামুক-ঝিনুক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি আরও বলেন, গ্রামে গ্রামে গিয়ে উঠান বৈঠক, সভা ও সমাবেশ করে শামুক-ঝিনুক না ধরার জন্য লোকজনকে বোঝানো হচ্ছে। এমনকি পেশা পরিবর্তন করার জন্য গত বছর ৪০ জনকে সুদমুক্ত ঋণ দেওয়া হয়। কিন্তু যাদের ঋণ দেওয়া সম্ভব হয়নি, তারা অভাবের তাড়নায় শামুক-ঝিনুক আহরণ করছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। মহেশখালী পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা আবদুল কাইয়ুুম প্রথম আলোকে বলেন, দুই শতাধিক লোক উপকূলীয় চর এলাকা থেকে শামুক-ঝিনুক আহরণ করায় পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এর পরও তা প্রতিরোধের জন্য গ্রামপর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, শামুক-ঝিনুক আহরণকারীদের পেশা পরিবর্তনের জন্য গত বছর প্রায় ১০০ জনকে সাত লাখ টাকার সুদমুক্ত ঋণ দেওয়া হয়। এর পরও বিচ্ছিন্নভাবে উপকূলীয় এলাকায় শামুক-ঝিনুক আহরণ চলছে।