উপকূলের আবহাওয়া টালমাটাল জনজীবনে নানামুখী সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনাসহ দক্ষিণ উপকূলে মৌসুমি বৃষ্টিপাত কমে যাচ্ছে। আষাঢ়-শ্রাবণ মাসে তেমন বৃষ্টি হচ্ছে না। অল্প সময়ে অনেক বৃষ্টিপাত হওয়ায় দেখা দিচ্ছে মারাত্মক জলাবদ্ধতা। বৃষ্টিপাত কম হওয়ায় বেড়েছে খরা ও দাবদাহ। আবার ঘন ঘন নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের প্রভাবে জোয়ারের উচ্চতায়ও অস্বাভাবিকতা দেখা যাচ্ছে। এতে এ অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও জীবিকায় নেমে এসেছে মহাসংকট। সম্প্রতি বিশ্বব্যাংকের জলবায়ু সম্পর্কিত এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে দাবদাহের পরিমাণ বেড়ে মৌসুমি বৃষ্টিপাত কমে আসবে। আবার অল্প সময়ে অনেক বৃষ্টি হবে। ঘন ঘন খরা দেখা দেবে এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে খরার পরিমাণ বাড়বে। এতে বৃষ্টিনির্ভর ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে এবং এ ধরনের খরা নিয়মিত হতে পারে। বন্যার সময় আগের চেয়ে বেশি উচ্চতা নিয়ে পানি প্রবাহিত হবে। এতে প্রধান ফসল বোরো ও আমনের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। এরই মধ্যে এসব প্রতিক্রিয়া দেখা দিয়েছে বরগুনাসহ দক্ষিণ উপকূলে।বরগুনা পাউবোর বারিপাত শাখায় রক্ষিত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বৃষ্টিপাতের অস্বাভাবিকতার চিত্র পাওয়া যায়। গত ১৬ মে ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টিপাত হয় ৩৩০ মিলিমিটার। এ ছাড়া ২০০৭ সালে জুলাই থেকে সেপ্টেম্বর এই চার মাসে বৃষ্টিপাত হয় এক হাজার ৮৩৬ মিমি, ২০০৮-এ এক হাজার ৯২১, ২০০৯-এ তা কমে গিয়ে দাঁড়ায় এক হাজার ২৮০, ২০১০ সালে তা আরও কমে গিয়ে ৯১২ মিলিমিটারে গিয়ে ঠেকে। ২০১১ সালে কিছুটা বেড়ে হয় এক হাজার ৭১২ মিমি এবং ২০১২ সালে আগের বছরের তুলনায় কমে গিয়ে হয় এক হাজার ৬৬ মিলিমিটার।কলাপাড়া আবহাওয়া কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার চক্রবর্তী জানান, বর্ষা মৌসুমে বরিশাল অঞ্চলে প্রতি মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে ৫১৯ মিলিমিটার। সারা দেশেই মৌসুমি বৃষ্টিপাতের ক্ষেত্রে এই অসামঞ্জস্য লক্ষ করা যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০০৪ সালে বৃষ্টি মৌসুমে (জুন-সেপ্টেম্বর) বাংলাদেশে বৃষ্টিপাত হয় ৬৯ হাজার ৯০৫ মিমি। ২০০৫ সালে এর পরিমাণ ছিল ৫৮ হাজার ৪৫৮ মিমি, ২০০৬-এ ৫৩ হাজার ৩৭২, ২০০৭ সালে ৬৬ হাজার ৫২০, ২০০৮-এ ৬০ হাজার ৫৫১, ২০০৯ সালে ৫৬ হাজার ১৬৩, ২০১০-এ ৪৭ হাজার ৪৪৭ ও ২০১১ সালে ৪৩ হাজার ৫৭২ মিমি। ২০১২ সালে তা আরও কমে হয় ছয় হাজার ৬৬৮ মিমি, যা স্বাভাবিকের চেয়ে ২৪ শতাংশ কম। দেশে বর্ষা মৌসুমের বৃষ্টিপাতের স্বাভাবিক হার ১৩ হাজার ২৪০ মিমি। দক্ষিণ উপকূলের নদ-নদীতেও জোয়ারের উচ্চতায় অস্বাভাবিকতা দেখা যাচ্ছে। বরগুনা পাউবোর জোয়ার পরিমাপক (মিটারগেজ) শাখার তথ্যানুযায়ী, ২০০৪ সালে বরগুনার নদ-নদীতে সর্বোচ্চ জোয়ারের উচ্চতা ছিল ৩ দশমিক ৪৫ মিটার, ২০০৫-এ ছিল ৩ দশমিক ৫১ মিটার, ২০০৬ সালে ২ দশমিক ৯৬ মিটার, ২০০৭-এ সিডরে জোয়ারের এই উচ্চতা গিয়ে দাঁড়ায় ৪ দশমিক ২২ মিটার। আর ২০০৯ সালের ঘূর্ণিঝড় আইলায় ৩ দশমিক ৬৫ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস হয়। সর্বশেষ চলতি বছরের ১৬ মে মহাসেনে জোয়ারের তীব্রতা ছিল ৩ দশমিক ৩৬ মিটার।বরগুনা জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি কার্যালয় সূত্রে জানা যায়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলে জলোচ্ছ্বাসের তীব্রতা, ঘূর্ণিঝড় ও নিম্নচাপের সংখ্যা বাড়ছে। দেখা যায়, ২০০৭ সালে বঙ্গোপসাগরে ছোট-বড় মিলিয়ে ২২টি নিম্নচাপ হয়। সিডরের পর ২০০৮ সালের জানুয়ারি থেকে ২০১০-এর জুন পর্যন্ত আড়াই বছরে ঘূর্ণিঝড় হয় ১০টি ও নিম্নচাপ হয় ৫০ এবং লঘুচাপ হয় ১৩০টিরও বেশি।জানতে চাইলে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন আ ক ম মোস্তফা জামান প্রথম আলোকে বলেন, ‘জলবায়ুর পরিবর্তনের একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে বৃষ্টি মৌসুমে হেরফের, বৃষ্টি কমে যাওয়া ও দাবদাহের পরিমাণ বেড়ে যাওয়া। এতে ঘন ঘন নিম্নচাপ, ঘূর্ণিঝড় ও জোয়ারের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। ফলে দক্ষিণাঞ্চলে দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা, ফসলহানি, মাটিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে।’