পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। নেই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লাইসেন্স। তার পরও বেপরোয়াভাবে চট্টগ্রামের উত্তর কাট্টলীর সাগর উপকূলের চারটি ভাটায় নোনা মাটি দিয়ে বানানো হচ্ছে অতি নিম্নমানের ইট। এসব ইট দিয়ে নির্মিত দেয়াল ধসে সম্প্রতি তিন ভাটাশ্রমিকের মৃত্যু হয়েছে। এ কারণে ওই ভাটার উৎপাদন সাময়িক বন্ধ থাকলেও বাকি তিনটি চলছে আগের মতোই। খোঁজ নিয়ে জানা গেছে, কোনো রকম ছাড়পত্র না নিয়ে ২০০০ সাল থেকে উত্তর কাট্টলীর সাগর উপকূলে জনৈক কামাল উদ্দিন ‘কেএমএল’ নামের ইট তৈরি করছেন। উপকূল ধ্বংস ও পরিবেশদূষণের কারণে ২০১০ সালে এই ভাটা গুঁড়িয়ে দিয়েছিল পরিবেশ অধিদপ্তর। পরে আদালতে রিট করে আবার চুল্লি বানিয়ে নতুন করে উৎপাদন শুরু করা হয়। গত ২৬ মার্চ ওই ভাটার চুল্লির পাশের খাঁচার দেয়াল ধসে তিন নারী শ্রমিক নিহত হন। একই এলাকায় একই নামে কামাল উদ্দিনের আরও একটি ভাটা রয়েছে। এ ছাড়া অপর ব্যবসায়ী কুতুব উদ্দিনের ‘রাজা ব্রিকস’ ও শহীদুল ইসলামের ‘জেএবি’ নামের দুটি ভাটা রয়েছে। মূলত শহীদুল ইসলাম ‘কেবিএম’ ব্রিকস নামের একটি ভাটা কিনে সেটির নাম দেন ‘জেএবি’। তবে জেএবির ভাটার চিমনিতে এখনো ‘কেবিএম’ লেখা রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ‘রাজা ব্রিকস’-এর ভাটার চিমনি একদিকে হেলে পড়েছে। এটি ভেঙে পড়ে আবারও যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) এ কে এম খুরশিদোল আনোয়ার বলেন, নোনা মাটির ইট অবকাঠামোয় ব্যবহার করা মারাত্মক ঝুঁকিপূর্ণ। এসব ইট বা ইটের কংক্রিট সিমেন্ট ও বালুর কার্যকারিতা নষ্ট করে দেয় এবং লোহায় দ্রুত মরিচা ধরতে সাহায্য করে। এসব ইট দিয়ে ভবন তৈরি হলে তার স্বাভাবিক আয়ুষ্কাল তিন-চতুর্থাংশ কমে যাবে। কেএমএল ইটভাটায় বঙ্গোপসাগরসংলগ্ন খালের লোনা পানি ও মাটি দিয়ে যে ইট বানানো হয়, তা ঝুরঝুরে প্রকৃতির বলে বিএসটিআইয়ের পরীক্ষায় প্রমাণিত হয়েছে। বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা মো. আরাফাত হোসেন সরকার প্রথম আলোকে বলেন, ‘কেএমএল ইট আমাদের পরীক্ষায় মানোত্তীর্ণ নয় বলে প্রমাণিত। এগুলো খুব নিম্নমানের। তাই লাইসেন্স দেওয়া হয়নি। একই এলাকার আরও তিনটিরও লাইসেন্স নেই।’ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ হারুন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘এসব ইটভাটায় আমাদের কোনো ছাড়পত্র নেই। নিয়মানুযায়ী লোকালয় কিংবা সিটি করপোরেশন এলাকার তিন কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা করা যায় না। তাই ২০১০ সালে আমরা একটির চিমনি গুঁড়িয়ে দিয়েছিলাম। বাকি দুটির বিরুদ্ধে মামলা হয়।’ হারুন আরও বলেন, ‘আমাদের অভিযানের পর তাঁরা আদালতে রিট করে স্থগিতাদেশ নিয়ে এসে পুনরায় ইট তৈরি করতে থাকে। যার কারণে ওই ইটভাটায় দুর্ঘটনার পরও আমরা কিছু করতে পারছি না।’ জানা গেছে, ২০১০ সালের ১২ আগস্ট পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে একটি দল কেএমএলের চিমনি গুঁড়িয়ে দেওয়াসহ পরিবেশের ক্ষতিসাধন করার অপরাধে পাঁচ লাখ টাকা জরিমানা করে। এরপর হাইকোর্টে রিট করে ইটভাটা বন্ধ করার ওপর স্থগিতাদেশ নিয়ে এসে আবার ইট প্রস্তুত শুরু করে তারা। এ প্রসঙ্গে ইটভাটার মালিক কামাল উদ্দিন বলেন, ‘আমরা হাইকোর্টে স্থগিতাদেশ এনে পুনরায় উৎপাদন শুরু করি। এখন পরিবেশের ছাড়পত্রের জন্য অপেক্ষা করছি। ওই দিন দুর্ঘটনা ঘটে গেছে। এখন বন্ধ রেখেছি।’ নিম্নমানের ইটের কারণে এই দুর্ঘটনার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘বিএসটিআইয়ের এখনো লাইসেন্স পাইনি। আর এ বিষয়ে আমি আপনার সঙ্গে পরে কথা বলব।’ জানা গেছে, ইটভাটা করতে হলে পরিবেশ অধিদপ্তর, সিডিএ ও জেলা প্রশাসনের অনুমোদন নেওয়ার পাশাপাশি বিএসটিআইয়ের লাইসেন্স বাধ্যতামূলক। কিন্তু ইটভাটাগুলোর কোনোটিই নেই। সরেজমিনে দেখা গেছে, বেড়িবাঁধসংলগ্ন জমির (সমুদ্রের দিকের) মাটি কেটে কাঁচা ইট তৈরি হচ্ছে। ইট তৈরিতে ব্যবহূত হয় সমুদ্রের লোনা পানি। পরে তা কয়লার চুল্লিতে পোড়ানো হচ্ছে। মাটি কাটার কারণে বাঁধটি ঝুঁকির মুখে পড়ছে বলে সংশ্লিষ্টদের অভিযোগ।