উপকূলের পরিবেশ নষ্ট না করে উন্নয়ন করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

পরিবেশ-বিষয়ক সম্মেলনে বিশেষজ্ঞরা বলেছেন, উপকূলের পরিবেশ নষ্ট না করে সেখানে উন্নয়নকাজ করতে হবে। আর সমুদ্রসম্পদ আহরণের জন্য দক্ষ জনবল গড়ে তোলা জরুরি।
রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে গতকাল শুক্রবার বাংলাদেশের উপকূল ও সামুদ্রিক পরিবেশ-বিষয়ক সম্মেলনের প্রথম দিনে তাঁরা এ কথা বলেন। দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, এখন উপকূলীয় এলাকা নির্দিষ্ট হয়ে গেছে। সমুদ্রের সম্পদ ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়েছে। উপকূলীয় এলাকা এবং সমুদ্রের সম্পদ আহরণ ও ব্যবহারের জন্য এখন সবচেয়ে বড় প্রয়োজন মানবসম্পদের উন্নয়ন। এ জন্য প্রাতিষ্ঠানিক সুযোগ বাড়াতে হবে। দুর্বলতা হলো, সম্পদ আহরণ ও ব্যবহার করার বিজ্ঞানপ্রযুক্তি আয়ত্তে নেই। সুতরাং সমুদ্রসম্পদ-বিষয়ক জনশক্তি গড়ে তোলা দায়িত্ব হয়ে গেছে। এই জনশক্তি শুধু বিজ্ঞানী নয়, ব্যবসায়ীরাও বটে।
বাপার সভাপতি শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, সমুদ্রে ও উপকূল এলাকায় অসীম সম্ভাবনা রয়েছে। এই উপকূলকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে, তার মানে এই নয় পরিবেশকে ক্ষতি করে উন্নয়ন করতে হবে। তিনি বলেন, ‘আমরা উন্নয়ন চাই। কিন্তু মনে রাখতে হবে, পরিবেশের বিষয়ে কোনো ছাড় দিতে পারি না।’
স্থপতি ইকবাল হাবিবের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফিরোজ আহমেদ, বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন ও বেনের বৈশ্বিক সমন্বয়কারী অর্থনীতিবিদ নজরুল ইসলাম। প্ল্যানারি অধিবেশনে উপকূল, সামুদ্রিক পরিবেশ বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন নজরুল ইসলাম। তিনি বলেন, সুন্দরবন সংকুচিত হচ্ছে। রামপাল ও অন্যান্য তাপবিদ্যুৎকেন্দ্র, বন উন্নয়নের ভ্রান্ত ধারণা, সমুদ্রের উচ্চতা ও লবণাক্ততা বৃদ্ধি, বনের ভেতর ও সীমানায় শিল্প-কারখানা সুন্দরবনের জন্য হুমকি।
অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে সমুদ্রবিষয়ক বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম ইউনিট) খোরশেদ আলম।
আয়োজকেরা জানিয়েছেন এই সম্মেলনে প্রায় ৮২টি প্রবন্ধ উপস্থাপন করার কথা।