উপকূলের বাঁধগুলোর সংস্কার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় সিডরের পর তিন বছরেও বঙ্গোপসাগর উপকূলের বরগুনাসহ ছয় জেলার ক্ষতিগ্রস্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংস্কার বা পুনর্নির্মাণে তেমন কোনো উদ্যোগ না নেওয়ায় এ অঞ্চলের প্রায় এক কোটি লোকের জীবন-জীবিকা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। ২০০৭ সালের ১৫ নভেম্বর সিডর ও ২০০৯ সালের ২৫ এপ্রিল ঘূর্ণিঝড় আইলার জলোচ্ছ্বাসে এসব জেলার অধিকাংশ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বিলীন অথবা ক্ষতিগ্রস্ত হয়। পাউবোর বরিশাল আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, উপকূলীয় অঞ্চলে পাউবোর পাঁচ হাজার ১০৭ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। এর মধ্যে ৯৫৭ কিলোমিটার বাঁধ সমুদ্রতীরে, যার সিংহভাগই বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা ও পিরোজপুরে।সূত্র জানায়, সিডরে উপকূলীয় অঞ্চলের দুই হাজার ৩৪১ কিলোমিটার বাঁধের ক্ষতি হয়। সবচেয়ে বেশি বাঁধের ক্ষতি হয়েছে বরগুনায়। এখানে ৮৫০ কিলোমিটার বাঁধের মধ্যে ৫৪ কিলোমিটার সম্পূর্ণ ও ৩৯৬ কিলোমিটার আংশিক ক্ষতি হয়েছে। পাউবোর বরিশাল আঞ্চলিক কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুর রব জানান, সিডরের পর ছয় জেলার ক্ষতিগ্রস্ত বাঁধ ও স্লুইসগেট সংস্কার বা পুননির্মাণ, বাঁধের উচ্চতা বৃদ্ধি এবং অন্যান্য অবকাঠামো মেরামতের জন্য ৪২৬ কোটি টাকার একটি প্রকল্পের প্রস্তাব পানিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। কিন্তু বিশ্ব ব্যাংক ওই প্রকল্পের অর্থ কাটছাঁট করে ১৮০ কোটি ৮৪ লাখ টাকা সহায়তা দিতে সম্মত হয়। কিন্তু তিন বছরেও সে অর্থ পাওয়া যায়নি।তিনি জানান, সিডর ও আইলার পর বরাদ্দ পাওয়া মাত্র ২৩ কোটি টাকায় বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালীতে মোট ৬০ কিলোমিটার বাঁধ সংস্কার করা হয়েছে। বরগুনার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, বাঁধের জন্য মানুষের তীব্র অস্থিরতা। একদিকে মানুষের জীবনের নিরাপত্তা, অন্যদিকে কৃষি ও মৎস্যনির্ভর এ অঞ্চলের অর্থনীতি মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে। কারণ, অধিকাংশ এলাকায় বাঁধ না থাকায় জোয়ারের সময় লবণ পানি ঢুকে ফসল ও সম্পদ নষ্ট হচ্ছে। বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চরলাঠিমারার জিনতলায়, পদ্মা, তাফালবাড়িয়া, কালমেঘা, কাকচিঁড়া, কাঠালতলীর পড়িঘাটা এলাকায় বিষখালী ও বলেশ্বর নদ তীরবর্তী বাঁধ মেরামত না হওয়ায় প্রতিনিয়ত এসব এলাকা প্লাবিত হচ্ছে। এসব এলাকার ক্ষতিগ্রস্ত অসংখ্য পরিবার বাঁধের ওপর ঝুপড়ি বানিয়ে বসবাস করছে। আমতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের গাবতলী গ্রামের মন্নান বয়াতী (৭০) বলেন, ‘ বানগুলা তিন বছরেও ঠিক করা গেল না। মোরা তিন বছরে কোনো ফসল ঘরে নেতে পারি নায়। সরকার কি মোগো দিকে চাইবে না।’ পাউবোর বরগুনা কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী গাজী ইয়ার আলী বলেন, ‘বাঁধগুলো আরও অন্তত পাঁচ ফুট উঁচু করা দরকার। এ-সংক্রান্ত সুপারিশ ও নকশা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি।’ তিনি জানান, আর্থিক সংকটে উপকূলের অধিকাংশ বাঁধ এখনো ঠিক করা যায়নি।