উপকূলের ভাঙন রক্ষা করবে 'কস্তুরা' বাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুতুবদিয়ার সেমিনারে ‘কস্তুরা’ বাঁধ প্রকল্প দেখছেন অতিথিরা l প্রথম আলো
কুতুবদিয়ার সেমিনারে ‘কস্তুরা’ বাঁধ প্রকল্প দেখছেন অতিথিরা l প্রথম আলো

উপকূলীয় এলাকায় বাঁধের ভাঙন রোধে ঝিনুককে (ওয়েস্টার, স্থানীয়ভাবে কস্তুরা নামে পরিচিত) কাজে লাগিয়ে প্রাকৃতিক বেষ্টনী তৈরি করা সম্ভব। এর মাধ্যমে কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়াসহ অন্যান্য উপকূল রক্ষা সম্ভব হবে। এতে খরচও কম পড়বে। এ জন্য প্রতি বর্গমিটারে ৫০০ ঝিনুক লাগবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ বিভাগের একদল গবেষক এই মত দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ‘কুতুবদিয়ার রক্ষা বাঁধ কস্তুরা’ শীর্ষক সেমিনারে গবেষকেরা এসব কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ ও নেদারল্যান্ডসের ওয়াহেনিনগেন বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারের উদ্বোধন করেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজের পরিচালক এম জাহেদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহ্ নেওয়াজ চৌধুরী। তিনি বলেন, দুই বছর ধরে তাঁরা কুতুবদিয়া উপকূলে কস্তুরা বাঁধ নিয়ে গবেষণা করছেন। কস্তুরা প্রাচীর সমুদ্রের ঢেউ প্রশমনের মাধ্যমে উপকূলকে ভাঙনের হাত থেকে রক্ষা করে।
শাহ্ নেওয়াজ চৌধুরী বলেন, কস্তুরা দিয়ে তৈরি প্রাচীর পলিপ্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে ভূমিক্ষয় রোধ করে। কস্তুরা প্রাচীর নানা প্রজাতির মাছ, চিংড়ি, কাঁকড়াসহ অন্যান্য জলজ প্রাণীকে আকৃষ্ট করে এবং তাদের নতুন আবাসস্থল তৈরিতে সহায়তা করে।
সেমিনারে সাংসদ আশেক উল্লাহ রফিক বলেন, বঙ্গোপসাগরের মধ্যে অবস্থিত এই কুতুবদিয়া উপজেলার চারদিকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ রয়েছে প্রায় ৪০ কিলোমিটার। ২০১৬ সালের মে মাসে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতেই অন্তত ২৭ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে অন্তত ৩০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। ভাঙা বেড়িবাঁধ সংস্কারে কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে। বালুর বেড়িবাঁধ নির্মাণ করে সাময়িকভাবে এ উপকূলকে রক্ষা করা গেলেও দীর্ঘস্থায়ী সমাধান আসছে না। বেড়িবাঁধের ধস ঠেকাতে কস্তুরা প্রযুক্তি উপকূলকে রক্ষা করতে পারে।
উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, এখন গবেষণা চলছে কীভাবে উপকূলের প্রধান সুরক্ষা বাঁধ রক্ষা করা যায়। ভাঙন ঠেকাতে অর্থের অপচয় না করে স্বল্প ব্যয়ে কস্তুরা বাঁধের এই প্রযুক্তি কাজে লাগাতে হবে।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার-২ আসনের সাবেক সাংসদ জহিরুল ইসলাম, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম, ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন চৌধুরী, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চৌধুরী, ক্রেল প্রকল্পের চকরিয়া উপজেলা সমন্বয়কারী মো. আবদুল কাইয়ুম, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফরিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।
সাবেক সাংসদ জহিরুল ইসলাম বলেন, কস্তুরা বাঁধ প্রযুক্তি ফলপ্রসূ হলে শুধু কুতুবদিয়া নয়, পুরো উপকূল উপকৃত হবে। বেড়িবাঁধের সমস্যা কুতুবদিয়ার ক্যানসার হিসেবে বিবেচিত হচ্ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, উপকূলের বেড়িবাঁধ ভাঙার সমস্যা থেকে উত্তরণে কস্তুরা বাঁধ প্রযুক্তি কাজে আসবে।
ইউএনও সুজন চৌধুরী বলেন, ৬৯ বর্গকিলোমিটার আয়তনের এ দ্বীপ রক্ষার জন্য কস্তুরা বাঁধ প্রযুক্তি কাজ দেবে।
এর আগে সকাল ১০টায় কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে ওশান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।