উপকূলের মানুষ প্রথম জানল তথ্য জানার অধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সমুদ্র উপকূলের জেলে, দিনমজুর, চাষিসহ বিভিন্ন পেশার প্রায় ১০ হাজার মানুষ গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো জানলেন তথ্য জানার অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। শহরের নুনিয়াছটা ফিশারিঘাটের জেলে আবদুল জলিল বলেন, ‘কোনো তথ্য জানার জন্য সরকারি কার্যালয়ে গেলে তাঁদের অবহেলা করা হয়। অনেক সময় টাকা দিয়ে তথ্য জানতে হয়। এখন জানতে পেরেছি, তথ্য জানানো তাঁদের দায়িত্ব। এখন থেকে তথ্য না দিলে আইনের আশ্রয় নেব।’ গতকাল বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত উপকূলীয় এলাকার নুনিয়াছটা, ফিশারিঘাট, ফদনারডেইল, বাহারছড়া, কক্সবাজার পৌরসভার লালদিঘি, বাস টার্মিনাল, বিডিআর ক্যাম্প, আলীর জাহান, কালুরদোকান, সমুদ্রসৈকতের লাবণী, কলাতলী মোড়সহ অন্তত ৪০টি স্থানে বিভিন্ন পেশার ১০ হাজারের বেশি মানুষকে তথ্য অধিকার আইন সম্পর্কে ধারণা ও সচেতন করা হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সনাকের সহায়তায় কক্সবাজারের ‘ইয়েস ফ্রেন্ডস গ্রুপ’-এর একদল তরুণ এই কর্মসূচি বাস্তবায়ন করেন। আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে এবং তথ্য অধিকার আইন বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জয়নুল বারী। এতে সভাপতিত্ব করেন ডুলাহাজারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সনাক চকরিয়ার সদস্য এজাহার হোছাইন, টিআইবির এরিয়া ম্যানেজার মো. জসিম উদ্দিন, ইয়েস ফ্রেন্ডস দলনেতা দিদারুল আলম, প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা বিশ্বজিৎ পাল, বন্ধুসভার সভাপতি মো. মহিউদ্দিন প্রমুখ। এর আগে শহরের প্রধান সড়কে একই দাবিতে মানববন্ধন ও শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে বের হয় ব্যতিক্রমধর্মী এক ভ্রাম্যমাণ ক্যাম্পেইন। জেলা প্রশাসক মো. জয়নুল বারী বলেন, জনগণ জানতে চাইলে সরকারি কর্মকর্তারা তথ্য দিতে বাধ্য। এই কর্মসূচি দুর্গম এলাকার লোকজনকে তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতন করবে।