উপকূলের ১০ হাজার গাছে কুড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। অথচ উপকূলীয় জেলা বরগুনায় বন্যানিয়ন্ত্রণ বাঁধে লাগানো সামাজিক বনায়নের প্রায় ১০ হাজার গাছ কেটে ফেলা হচ্ছে। একসঙ্গে বিপুল পরিমাণ গাছ নিধনের ফলে ৪০ কিলোমিটার দীর্ঘ বন্যানিয়ন্ত্রণ বাঁধটি হুমকির মুখে পড়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্যহীনতার আশঙ্কা করা হচ্ছে।তবে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব আশঙ্কা নাকচ করে দিয়ে বলেছেন, সামাজিক বনায়নের এসব গাছ কেটে ওই স্থানে আবার নতুন করে বনায়ন করে পরিস্থিতি সামাল দেওয়া হবে।খোঁজ নিয়ে জানা গেছে, পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় থেকে বরগুনা ও পটুয়াখালী জেলার বিভিন্ন বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও গ্রামীণ রাস্তার দুই পাশে করা সামাজিক বনায়নের গাছ নিলামে বিক্রির জন্য গত ৩০ মে নিলাম বিজ্ঞপ্তি আহ্বান করা হয়। এ নিলাম বিজ্ঞপ্তির আওতায় বরগুনার পাথরঘাটা, বামনা ও বেতাগী উপজেলার প্রায় ৪০ কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধের গাছ কাটার জন্য ২৩ জুন কার্যাদেশ দেওয়া হয়। নিলাম-প্রক্রিয়া নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগ আছে, অনিয়মের মাধ্যমে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতারাই বেশির ভাগ নিলামের কাজ নিয়ে নিয়েছেন।বন বিভাগের কর্মকর্তারা জানান, গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা পরিবর্তনের লক্ষ্যে গ্রামের লোকজন ও জমির মালিকদের এ বনায়নের অংশীদারি দেওয়া হয়। এতে গাছের বয়স ১২ বছর হলে তা কেটে বিক্রি করার বিধান রয়েছে। গাছ বিক্রির আয় থেকে বন বিভাগ ১০ শতাংশ, ভূমির মালিক ২০, উপকারভোগী ৫৫, চারা সরবরাহকারী প্রতিষ্ঠান ১০ এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ (ইউপি) ৫ শতাংশ হারে টাকা পাবে। বরগুনা বন বিভাগের কর্মকর্তারা জানান, সামাজিক বনায়নের আওতায় এবার যেসব গাছ কাটা হচ্ছে, তা ১৯৯৩-’৯৪ অর্থবছরে রোপণ করা হয়েছিল।সরেজমিনে পাথরঘাটার বিষখালী নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের ৩৯/১-বি পোল্ডারের বাইনচটকি ফেরিঘাট থেকে রূপদোন স্লুইসগেট পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার বাঁধের দুই পাশের আকাশমণি, রেইনট্রি, বাবলা, শিশু, মেহগনি ও অন্যান্য গাছ কাটার কাজ শুরু হয় চলতি মাসের শুরুর দিকে। এই বাঁধের দুই পাশের বনের ৫৬টি লটের (এক লটে ৩২টি গাছ) আওতায় প্রায় তিন হাজার ১০০টি গাছ কেটে ফেলার কাজ করছেন নিলাম ক্রেতাদের শ্রমিকেরা। ৫৬টি লটের ৩৮টির নিলাম গ্রহীতা স্থানীয় কাকচিড়া ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আলাউদ্দিন। তাঁর প্রতিনিধি স্বরূপকাঠির কাঠ ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, তিনি নিলাম গ্রহীতার কাছ থেকে নিলামের অর্থের বাইরে ১০ শতাংশ মুনাফা দিয়ে প্রায় ১১ লাখ টাকায় আটটি লটের গাছ কিনে নিয়েছেন। চেয়ারম্যান আলাউদ্দিন বলেন, ‘আমি সর্বোচ্চ দরদাতা হিসেবে ৩৮টি লটের নিলাম কিনেছি। কোনো অনিয়মের মাধ্যমে নিইনি।’গত শনিবার বাইনচটকি এলাকায় গিয়ে দেখা গেছে, এখানে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম কবিরের নিযুক্ত প্রায় ১০ জন শ্রমিক গাছ কাটছেন। কাজের তত্ত্বাবধানে নিয়োজিত স্থানীয় বেলায়েত হোসেন পহলান জানান, আওয়ামী লীগের নেতা কবির হোসেনের জামাইয়ের নামে তিনটি লটের নিলাম কিনেছেন তিনি। ১৩ দিন ধরে তাঁরা গাছ কাটার কাজ করছেন। এসব গাছ কেটে স্বরূপকাঠি ও খুলনায় পাঠিয়ে দেওয়া হয়।বাইনচটকি এলাকার বাসিন্দা আলী আকবর বলেন, ‘এই গাছগুলায় সিডর ও আইলার হাত থিকা মোগোরে রক্ষা করছে। এহন চিন্তায় পড়ছি, আবার যদি কোনো বইন্যা অয়, তাইলে মোগো বাঁচনের অবস্থা নাই। ফরেস্টাররা কইছে, এই গাছ কাইট্টা নতুন কইর‌্যা চারা লাগাইবে। হেই চারা বড় অইতে অইতে মোগো কাম শ্যাষ অইয়া যাইবে।’বন বিভাগের পাথরঘাটা কার্যালয়ের রেঞ্জ কর্মকর্তা আ. লতিফ খান প্রথম আলোকে জানান, নিলাম দরপত্রে কোনো অনিয়ম হয়নি। এ উপজেলায় গাছ বিক্রি করে প্রায় ৫০ লাখ টাকা আয় হয়েছে। এই অর্থ নিয়মতান্ত্রিকভাবে উপকারভোগীদের মধ্যে বণ্টন করা হবে। তিনি বলেন, ‘গাছ কাটার পর আমরা ওই সব এলাকায় নতুন করে বনায়ন করব। এতে পরিবেশ ও বাঁধের কোনো সমস্যা হবে না।’পরিবেশ আইনবিদ সমিতি বেলার বরিশাল বিভাগীয় সমন্বয়কারী সুভাষ চন্দ্র বিত্রবেবান্তি প্রথম আলোকে জানান, এমনিতেই বরগুনা দুর্যোগপ্রবণ এলাকা। একসঙ্গে এতগুলো গাছ কাটার আগে এই এলাকার মানুষের সুরক্ষা, প্রাকৃতিক পরিবেশ ও বন্যানিয়ন্ত্রণ ভারসাম্য রক্ষার মতো বিষয়গুলো অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবেচনায় নেওয়া উচিত ছিল।