উপচে পড়া ডাস্টবিন নিয়ে দুর্ভোগ
নীলফামারী শহরের ডাস্টবিনগুলো নিয়মিত পরিষ্কার না করায় উপচে পড়া ময়লা-আবর্জনায় পরিবেশ নষ্ট হচ্ছে। বাড়ছে মশা-মাছির উপদ্রব। তা ছাড়া দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে শহরের বাসিন্দারা।
সরেজমিনে গতকাল শুক্রবার শহরের বাবুপাড়া, সবুজপাড়া, শাহীপাড়া, কলেজ রোডসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেশির ভাগ ডাস্টবিন উপচে ময়লা-আবর্জনা রাস্তায় ছড়িয়ে পড়েছে। দুর্গন্ধে নাকে রুমাল চাপা দিয়ে চলছে পথচারীরা। এলাকাবাসীর অভিযোগ, সপ্তাহে অন্তত দুবার ডাস্টবিনগুলো পরিষ্কার করার কথা থাকলেও পৌর কর্তৃপক্ষ একবারও তা করে না।
একই মহল্লার বাসিন্দা সুধীর চন্দ্র রায় বলেন, ‘আমার বাসার পাশেই ডাস্টবিন। দুর্গন্ধে জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে।’
ওয়ার্ড কাউন্সিলর গোলাম কিবরিয়া বলেন, ময়লা-আবর্জনা পরিষ্কারের জন্য পৌরসভার নিয়মিত কর্মী নেই। মাস্টাররোলে (চুক্তিভিত্তিক) কিছু শ্রমিক কাজ করে। জনবল কম হওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে।