উপচে পড়া ভিড়, কদর বেশি 'বাহুবলী'র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনা শহরের বিভিন্ন বিপণিবিতানে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে ঈদের কেনাকাটা। গত বুধবার তোলা ছবি l প্রথম আলো
বরগুনা শহরের বিভিন্ন বিপণিবিতানে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে ঈদের কেনাকাটা। গত বুধবার তোলা ছবি l প্রথম আলো

বরগুনায় সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত শহরে ঈদের বাজার জমে উঠেছে। শিশু ও নারী-পুরুষের পদচারণে সরগরম হয়ে উঠেছে বিপণিবিতানগুলো। উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে ফুটপাতেও।

ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য ঈদবাজার উপলক্ষে ব্যবসায়ীরা বিপণিবিতানগুলোয় আলোকসজ্জা করেছেন। ঈদ যত ঘনিয়ে আসছে ক্রেতার ভিড়ও তত বাড়ছে।

পৌর সুপার মার্কেটের ব্যবসায়ী আনছার প্রথম আলোকে বলেন, এখন বিক্রয়কর্মীদের দম ফেলানোর সময় নেই। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা।

গত মঙ্গলবার মধ্যরাতে শহর ঘুরে দেখা যায়, ক্রেতাদের ব্যাপক ভিড়ে বিক্রেতাদের যেন দম ফেলার সময় নেই। দোকানগুলোয় দর-কষাকষির সুযোগ কম। ক্রেতারা তাঁদের পছন্দের জামা-জুতা পোশাক-প্রসাধনী ইত্যাদি পছন্দ করে কিনছেন। না হলে অন্য দোকানে চলে যাচ্ছেন।

কয়েকজন ব্যবসায়ী বলেন, ১৫ রোজার পর থেকে ঈদের বাজার জমে উঠেছে। গতবারের চেয়ে এবার কেনাবেচা বেশি। এবার তরুণ-তরুণীদের কাছে ভারতীয় সিনেমা বাহুবলী নামে আসা পোশাকের চাহিদা বেশি। ‘বাহুবলী-১’ নামে মেয়েদের থ্রিপিস সাড়ে পাঁচ থেকে ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ‘বাহুবলী-২’ বিক্রি হচ্ছে চার থেকে সাড়ে আট হাজার টাকায়।

একই নামে ছেলেদের পাঞ্জাবি বিক্রি হচ্ছে চার থেকে পাঁচ হাজার টাকায়। এ ছাড়া মেয়েদের থ্রিপিসের মধ্যে সিল্ক ২ হাজার ২০০ থেকে ৭ হাজার ৫০০, জর্জেট ১ হাজার ৫০০ থেকে ৭ হাজার টাকা, কেরালা ৫ হাজার ৫০০ থেকে ৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। ছেলেদের পাঞ্জাবি ৫০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা ও শার্ট ৬০০ থেকে ৩ হাজার ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে।

বঙ্গবন্ধু সড়কে ফ্যাশন ভিউ নামের একটি দোকানের বিক্রেতা ইফতেখার মোর্শেদ বলেন, মেয়েদের পোশাকের মধ্যে ফ্লোর টাচ থ্রিপিস, ভারতীয় ও পাকিস্তানি জর্জেট, সিল্ক, হাতের কাজ করা থ্রিপিসের বিক্রি ভালো। তবে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ‘বাহুবলী-২’।

ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তার বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ্দুজ্জামান গতকাল বৃহস্পতিবার বলেন, ঈদ উপলক্ষে শহরের চারটি গুরুত্বপূর্ণ স্থানে পোশাকধারী পুলিশ মোতায়েন রয়েছে।

এ ছাড়া শহরে সাদাপোশাকে অনেক পুলিশ সদস্য টহল দিচ্ছেন বলে জানান ওসি মাসুদ্দুজ্জামান।