উপচে পড়া ভিড়ের বাণিজ্য মেলায় শেষ মুহূর্তের আবহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেতরে অসংখ্য মানুষ। প্রবেশের চারটি পথেই মানুষের দীর্ঘ সারি। মেলামুখী দুই প্রান্তের সড়কে মানুষের ঢল। গতকাল শুক্রবার বিকেলে দর্শনার্থীদের এমন ভিড় ছিল শেরেবাংলা নগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়।
ঘোষণা অনুযায়ী ১১ ফেব্রুয়ারি শেষ হচ্ছে এই মেলা। সেই হিসাবে গতকাল ছিল মেলার শেষ শুক্রবার। তাই দর্শনার্থীদের ভিড়ও ছিল বেশি। প্রবেশপথ পেরিয়ে মেলা প্রাঙ্গণে ঢুকতেই নানা বয়সী হাজারো মানুষের ভিড়ে পড়তে হলো। ভিড়ের কারণে অনেকটা ঠেলাঠেলি করে এগোতে হচ্ছিল মানুষকে। মাইকে ভেসে আসছে মেলা-সম্পর্কিত নানা তথ্য। এর মাঝেই কানে এল ‘মেলা, মেলা, আর মাত্র চার দিন থাকবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।’
আক্ষরিক অর্থেই গতকাল মেলায় ছিল শেষ মুহূর্তের কেনাবেচার আবহ। দেশি-বিদেশি হরেক পণ্যের মেলায় মানুষ এসেছেন রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে। অনেকে এসেছেন সপরিবারে। ক্রেতা-দর্শনার্থীরা হুমড়ি খেয়ে পড়েছিলেন পছন্দের পণ্যের স্টলে। স্টলে স্টলে দেখা গেল বিক্রেতা ও ক্রেতার মধ্যে দর-কষাকষি। কাশ্মিরি কালেকশন নামের শালের স্টল থেকে তিনটি পশমি শাল কিনেছেন নুরুন নাহার। বললেন, অনেক দর-কষাকষি করে নিজের ও আত্মীয়ের জন্য এক হাজার ৮০০ টাকায় এগুলো কিনলেন।
বরিশাল থেকে রহমত আলী স্ত্রী রোজিনা খাতুনকে নিয়ে বাণিজ্য মেলায় এসেছেন রান্নার জন্য ফ্রাই প্যান কিনতে। তিনি জানালেন, আধুনিক ও সাশ্রয়ী মূল্যে জিনিস পাওয়া যায় বলে মেলায় আসার জন্য ঢাকায় এসে আত্মীয়ের বাসায় উঠেছেন।
মানুষের ভিড় ঠেলে পুরো মেলা প্রাঙ্গণ ঘুরতে সময় লাগে প্রায় দুই ঘণ্টা। দেখা গেল, গৃহস্থালি ব্যবহার্য জিনিসের পাশাপাশি প্রসাধনী, গয়না, মেয়েদের জামা, জুতার স্টলে ভিড় সবচেয়ে বেশি। ভিড় আছে ইলেকট্রনিকস, শোপিস এবং খাবারের স্টলেও। এবার মেলায় সব মিলিয়ে ৪৮৪টি স্টল।
সুরমা কুটিরশিল্প নামের স্টল থেকে ৫০০ টাকায় কলেজ ব্যাগ কিনেছেন লামিয়া ও তাঁর বন্ধু মৌসুমি। ওই স্টলের বিক্রেতা ফরিদ উদ্দিন জানালেন, এখন শেষের সময়, তাই কম দামেই তাঁরা পণ্য বিক্রি করছেন।
মেলা শেষ উপলক্ষে এমন ছাড় চলছে আরও অনেক স্টলে। বিশেষ করে পাকিস্তানি পোশাকের স্টল, ইলেকট্রনিকস, আসবাবের স্টলে।
হাতে হাত ধরে হেঁটে যাচ্ছিলেন ফিরোজ হোসেন ও তাঁর স্ত্রী ফারহানা হোসেন। দুজনের এক হাতে ধরা বেশ কয়েকটি ব্যাগ। মেলা থেকে কেনা পণ্য আছে এসব ব্যাগে। জানালেন, তাঁরা দুজনেই সরকারি চাকরিজীবী, তাই শুক্রবার ছাড়া মেলায় আসা হয় না। গত শুক্রবারও এসেছিলেন, কিন্তু সেদিন এত ভিড় ছিল না। এখন ভিড় ঠেলে বের হতে পারলেই হয়।
মেলা থেকে বের হওয়ার পথেও দীর্ঘ সারি। মেলা থেকে বের হওয়ার পর যাঁদের নিজস্ব বাহন নেই, তাঁরা পড়েন বিড়ম্বনায়। কাছাকাছি বেশ কিছু সিএনজিচালিত অটোরিকশা থাকলেও চালকেরা ভাড়া হাঁকেন দেড়-দুই গুণ। অনেকে বাধ্য হয়ে তাতেই আরোহী হন। আবার অনেকে হেঁটে যান সামনের দিকে। মূল সড়কে গিয়ে অটোরিকশা, বাস বা অন্য বাহন পাওয়ার আশায়।