উপজাতিদের আদিবাসী হিসেবে অভিহিত করার অপতত্পরতা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উপজাতীয় কতিপয় নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, পাহাড়ে বসবাসরত শিক্ষিত ব্যক্তিবর্গ এমনকি সাংবাদিকেরাও ইদানীং উপজাতীয় সম্প্রদায়গুলোকে উপজাতি না বলে আদিবাসী হিসেবে অভিহিত করছেন। বিভিন্ন এনজিও, বিদেশি সংবাদমাধ্যম, জাতিসংঘের আড়ালে থাকা খ্রিষ্টান রাষ্ট্রসমূহ ওই ব্যক্তিবর্গের সহযোগিতায় পার্বত্য চট্টগ্রাম এলাকায় একটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠায় সহায়তার অপতত্পরতা চালিয়ে যাচ্ছে।’ পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্রসচিব ও তিন পার্বত্য জেলা প্রশাসককে দেওয়া গোপন চিঠির ভাষা এটি। বান্দরবান জেলা প্রশাসনের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পার্বত্য মন্ত্রণালয়ের উপসচিব (সমন্বয়-২) মো. মজিবুর রহমান স্বাক্ষরিত ওই চিঠিটি গত ২৮ জানুয়ারি পাঠানো হয়েছে। চিঠির বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে ‘উপজাতীয় সম্প্রদায়গুলোকে আদিবাসী হিসেবে অভিহিত করার অপতত্পরতা প্রসঙ্গে’। চিঠিটির সঙ্গে একটি গোপন প্রতিবেদন সংযুক্ত করে পাঠানো হয়েছে। চিঠির শুরুতে বলা হয়েছে, দেশের সংবিধান, পার্বত্য জেলা ও আঞ্চলিক পরিষদ আইন এবং ১৯৯৭ সালের চুক্তিতে উপজাতীয় সম্প্রদায়গুলোকে উপজাতি হিসেবে অভিহিত করা হয়েছে। গোপন প্রতিবেদনের বরাত দিয়ে চিঠিতে বলা হয়েছে, তাদের উপজাতি না বলে আদিবাসী হিসেবে অভিহিত করার অপতত্পরতা চলছে।বান্দরবানের জেলা প্রশাসক মিজানুর রহমান এই চিঠির ব্যাপারে কোনো মন্তব্য করেননি। খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ গত ৭ ফেব্রুয়ারি বলেছেন, উপজাতিদের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আগের পাঠানো চিঠির মতো একটি চিঠি গত সপ্তাহে পাওয়া গেছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় থেকে এটি পাঠানো হয়েছে। বিষয়টি গোপনীয়। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ৭ ফেব্রুয়ারি বান্দরবান সফরকালে ওই চিঠির ব্যাপারে স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘এ ব্যাপারে আমি এখন কোনো মন্তব্য করব না। প্রয়োজনে পরে সবাইকে ডেকে বিস্তারিত জানাব।’ চিঠি পাঠানোর কথা স্বীকার করে উপসচিব মজিবর রহমান ৮ ফেব্রুয়ারি প্রথম আলোকে বলেন, চিঠিতে মূলত এনজিওগুলোর কার্যক্রম সতর্ক নজরদারির জন্য বলা হয়েছে।