উপজেলা ও ইউপি চেয়ারম্যানের দ্বন্দ্ব, কাবিখার কাজ বন্ধ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় ২০১১-১২ অর্থবছরের বরাদ্দ করা কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের সব চাল ফেরত গেছে। তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসরাত উদ্দিন আহম্মদ বাবুল ও সাতটি ইউপির চেয়ারম্যানের দ্বন্দ্বের কারণে সময়মতো প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন না করায় কাবিখার বরাদ্দ ফেরত গেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় তাড়াইল উপজেলা পরিষদের নামে কাবিখার দ্বিতীয় পর্যায়ের ১১২ টন চাল বরাদ্দ দেয় সরকার। বরাদ্দের বিপরীতে উপজেলার সাতটি ইউপির চেয়ারম্যানরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে ১৬টি প্রকল্প জমা দেন। পরে প্রকল্পগুলো অনুমোদনের জন্য কাবিখা কমিটির সভাপতি তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান বরাবর উপস্থাপন করা হয়। কিন্তু উপজেলা চেয়ারম্যান প্রকল্পগুলো অনুমোদন না দিয়ে সময়ক্ষেপণ করতে থাকেন। এ নিয়ে গত ৩ এপ্রিল উপজেলা পরিষদের সভায় কাবিখার প্রকল্পগুলোর অনুমোদন না দেওয়াকে কেন্দ্র করে উপজেলা চেয়ারম্যান মো. ইসরাত উদ্দিন আহম্মদ ও সাতটি ইউপি চেয়ারম্যানের মধ্যে কথা-কাটাকাটি ও বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে ইউপি চেয়ারম্যানরা সভা বর্জন করেন। এর পর থেকেই কাবিখার প্রকল্পগুলো চূড়ান্ত করার ক্ষেত্রে পরস্পরের বিরুদ্ধে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ এনে উপজেলা ও ইউপি চেয়ারম্যানরা দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। উপজেলা চেয়ারম্যান প্রকল্পগুলো বিধি মোতাবেক বাস্তবায়ন করা হয়নি বলে অনুমোদন দিতে অনীহা প্রকাশ করেন। পরে আন্দোলনে নামেন ইউপি চেয়ারম্যানরা। তাঁরা উপজেলা চেয়ারম্যানের অপসারণ দাবি করে তাড়াইল সদরে একাধিকবার বিক্ষোভ সমাবেশ করেন। উপজেলা চেয়ারম্যান তাঁকে হত্যা ও হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করেন। ইউপি চেয়ারম্যানরা সর্বশেষ বিভাগীয় কমিশনার বরাবরে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থার প্রস্তাব দাখিল করেন। এতে উপজেলা ও ইউপি চেয়ারম্যানের দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নেয়। এ দ্বন্দ্ব নিরসনে তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ভূঁইয়া, মোতাহারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে স্থানীয় সাংসদ মো. মুজিবুল হক জটিলতা নিরসনে ২৪ জুন ঢাকার নিজ বাসায় উপজেলা ও ইউপি চেয়ারম্যানদের নিয়ে সমঝোতা বৈঠকে বসেন। বৈঠকে দীর্ঘ আলোচনার পর উপজেলা ও ইউপি চেয়ারম্যানদের মধ্যে সৃষ্ট দ্বন্দ্বের অবসান ঘটে। কিন্তু এরই মধ্যে কাবিখার প্রকল্পগুলোর অনুমোদনের সময়সীমা অতিক্রম হয়ে যাওয়ায় এসব প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাকাওয়াত হোসেন জানান, নিয়মানুযায়ী ৩০ জুনের মধ্যে এসব প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু উপজেলা ও ইউপি চেয়ারম্যানদের দ্বন্দ্বের কারণে সময়মতো কাবিখার প্রকল্পগুলো অনুমোদন ও বাস্তবায়ন না হওয়ায় উপজেলা পরিষদের নামে বরাদ্দ কাবিখার ১১২ টন চাল ফেরত গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া জামান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাবিখার প্রকল্পগুলো অনুমোদন ও বাস্তবায়নের বাধ্যবাধকতা থাকলেও উপজেলা ও ইউপি চেয়ারম্যানদের দ্বন্দ্বের কারণে তা সম্ভব হয়নি। পরে সমঝোতা হলেও প্রকল্পগুলো অনুমোদন ও বাস্তবায়নের সময়সীমা অতিক্রম হয়ে যাওয়ায় কাবিখার বরাদ্দ ফেরত গেছে। এতে উপজেলার মানুষ সার্বিক উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাত উদ্দিন আহম্মদ বলেন, ইউপি চেয়ারম্যানরা বিধি মোতাবেক প্রকল্পগুলো উপস্থাপন না করায় তা অনুমোদন দেওয়া সম্ভব হয়নি। পরে সমঝোতার মাধ্যমে সংশোধন করে উপস্থাপন করার পর এসব প্রকল্প অনুমোদনের সময়সীমা অতিক্রম হয়ে যাওয়ায় তা বাস্তবায়ন করা যায়নি।