চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের উপজেলা ও পৌর কমিটির নেতাদের মধ্যে টানাপোড়েন চলছে। গত শুক্রবার পৌরসভার কাউন্সিলর পদপ্রার্থীদের দলীয় একক মনোনয়ন দেওয়ার জন্য ডাকা বর্ধিত সভায় পৌর কমিটির প্রভাবশালী অনেক নেতাই হাজির হননি বলে জানা গেছে।
পৌর কমিটির নেতাদের অভিযোগ, নির্বাচন পরিচালনার কাজে তাঁদের ডাকা হচ্ছে না। যদিও পৌর কমিটির সভাপতি বদিউল আলম মেয়র পদে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করছেন।
অন্যদিকে উপজেলা কমিটির নেতারা অভিযোগ করেছেন, পৌর কমিটির বেশ কয়েকজন নেতা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন।
দলীয় সূত্র জানায়, পৌর নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকে মেয়র পদে প্রার্থিতা নিয়েই মূলত এই বিরোধ দেখা দেয়। পৌর কমিটির সভাপতি বদিউল আলম, সহসভাপতি সিরাজ-উদ-দৌলা ও সাধারণ সম্পাদক এ জে এম হোসেন লিটন মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত দল থেকে মনোনয়ন পান বদিউল আলম। এ জে এম হোসেন লিটন মনোনয়নপত্র সংগ্রহ না করলেও বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হয়ে মনোনয়ন দাখিল করেন সিরাজ-উদ-দৌলা এবং উপজেলা কমিটির জ্যেষ্ঠ সদস্য ও বর্তমান মেয়র সফিউল আলম।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ‘পৌরসভা কাউন্সিলর নির্বাচন মনোনয়ন বোর্ডের’ সদস্যসচিব রায়হান উদ্দীন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করে কোনো কোনো নেতা বিদ্রোহীর প্রার্থীর হয়ে কাজ করছেন।’
পৌর কমিটির সাধারণ সম্পাদক এ জে এম হোসেন লিটন বলেন, সীতাকুণ্ড পৌরসভা ‘এ’ ক্যাটাগরির। গঠনতন্ত্র অনুসারে এ পৌরসভার আওয়ামী লীগের কমিটি নিয়ন্ত্রণের ক্ষমতা উপজেলা কমিটির কাছে নেই। এর নিয়ন্ত্রণ থাকার কথা চট্টগ্রাম উত্তর জেলা কমিটির কাছে। সেখানে দলের প্রার্থীর পক্ষে কাউন্সিলরদের দলীয় সমর্থন দিতে কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ বলেন, দলীয় কাউন্সিলর পদে প্রার্থী বাছাইয়ের জন্য বর্ধিত সভা আহ্বানের কথা পৌর কমিটির সাধারণ সম্পাদকের। কিন্তু সেখানে কে বা কারা বর্ধিত সভা আহ্বান করেছেন, বিষয়টি পৌর কমিটির জ্যেষ্ঠ নেতারাও জানেন না।
পৌর কমিটির কয়েকজন নেতা বর্ধিত সভায় যোগ দিয়েছেন এমন প্রশ্নের জবাবে হারুন-অর-রশিদ বলেন, সভায় কয়েকজন যোগ দিলেও দিতে পারেন। কিন্তু সাধারণ সম্পাদক, তিনজন সহসভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ নেতৃস্থানীয়দের কেউ ছিলেন না।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রায়হান উদ্দীন বলেন, ‘উপজেলা কমিটি নির্বাচনে শুধু মনিটরিং করছেন। শুক্রবারের সভায় পৌর কমিটির নেতাদের ওই কমিটির সভাপতি ডেকেছিলেন। কিন্তু তাঁরা এগিয়ে আসেননি। বর্ধিত সভায় প্রায় সবগুলো ওয়ার্ডের সভাপতি-সম্পাদক উপস্থিত ছিলেন।’
নেতাদের মধ্যে টানাপোড়েনের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ও সীতাকুণ্ড পৌর আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম বলেন, পৌর কমিটির কোনো নেতার সঙ্গে তাঁর বিরোধ নেই। উপজেলার সঙ্গে পৌর কমিটিরও কোনো দূরত্ব নেই। সবাইকে নিয়েই তিনি নির্বাচন করতে চান।