উপজেলা ও পৌর কমিটিও বিলুপ্ত করে দিয়েছে কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সব কটি উপজেলা এবং পৌর কমিটিও বিলুপ্ত করে দেওয়া হয়েছে। সেই এলাকাগুলোতে ৪৫ দিনের মধ্যে নতুন কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল শনিবার কেন্দ্র থেকে এসব নির্দেশনা দেওয়া হয়। উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি তৃণমূল পর্যায়ের কমিটি পুনর্গঠনের প্রস্তুতি শুরু করেছে বলে জানা গেছে।
আন্দোলন-সংগ্রামে ব্যর্থতার অভিযোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ২৬ এপ্রিল চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি ভেঙে দেন। ওই দিন আসলাম চৌধুরীকে আহ্বায়ক এবং রাউজান পৌরসভার মেয়র কাজী হাসানকে সদস্যসচিব করে দুই সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন খালেদা জিয়া। আসলাম চৌধুরী উত্তর জেলা বিএনপির ভেঙে দেওয়া কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।
দলীয় সূত্র জানায়, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা আরেকটি চিঠি গতকাল শনিবার উত্তর জেলা বিএনপির আহ্বায়কের কাছে পৌঁছায়। তাতে চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন সাতটি উপজেলা ও তিনটি পৌর কমিটি ভেঙে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা চিঠি হাতে পেয়েছি। তাতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির তৃণমূল পর্যায়ের কমিটি গঠন করে ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের নির্দেশনা আছে।’
আসলাম চৌধুরী আরও বলেন, ‘প্রতিটি এলাকার রাজনৈতিক অবস্থা ও পরিস্থিতি বিবেচনা করে আমরা বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করব। ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কারণ, তৃণমূল পর্যায়ের প্রতিটি নেতার মনোবল চাঙা করে সংগঠনের মধ্যে গতি আনাই এই মুহূর্তে আমার প্রধান কাজ।’
আন্দোলন-সংগ্রামে ব্যর্থতা এবং বিদায়ী সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীর দ্বন্দ্বের কারণে সরকারবিরোধী আন্দোলন জমে ওঠেনি বলে কেন্দ্রের অভিযোগ। বিশেষ করে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগ ওঠে। সময়মতো তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে সরকারবিরোধী আন্দোলন জোরদার করতে পারেননি। বরং আসলাম চৌধুরী সেই তুলনায় অনেক সক্রিয় ছিলেন, যে কারণে সীতাকুণ্ড এলাকার আন্দোলনে চট্টগ্রাম সারা দেশ থেকে কিছুদিনের জন্য হলেও বিচ্ছিন্ন ছিল।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির বিদায়ী স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘ভাঙাগড়ার মধ্যে আমরা আছি। এসব ভাঙাভাঙিতে সংগঠন কতটুকু গতি পাবে সেটা সময় বলে দেবে।’ জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘বিদায়ী সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে সমর্থন করে এর আগে যাঁরা বক্তব্য দিয়েছিলেন তাঁদের নতুন কমিটিতে রাখা হবে কি না, সেটা আমার প্রশ্ন। যদি না রাখা হয় তাহলে এই কমিটিও কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হবে। দ্বন্দ্ব-বিবাদে সংগঠন মুখ থুবড়ে পড়বে।’