উপজেলা কমান্ডার কমিটি থেকে বাদ, প্রতিবাদে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. সাহাব উদ্দিনকে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। এর প্রতিবাদে গতকাল শনিবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাকক্ষে সভা হয়েছে।
উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ সূত্র জানায়, সম্প্রতি উপজেলায় মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির জন্য ৬৯ জন আবেদন করেছেন। আগের তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা রয়েছেন ২৮০ জন। তাঁদের যাচাই-বাছাই করতে সাত সদস্যের কমিটি করা হয়। এতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি হিসেবে কমান্ডার সাহাব উদ্দিনকে অন্তর্ভুক্ত করা হয়। মুক্তিযুদ্ধকালে তিনি পাকিস্তানি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন—এ অভিযোগে কমিটি থেকে তাঁকে বাদ দিতে এবং তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ১৪ জন মুক্তিযোদ্ধা গত বছরের ২২ ডিসেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের কাছে আবেদন করেন। গত বুধবার বিষয়টি যাচাই-বাছাই করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে লিখিত নির্দেশনা দেওয়া হয়। পরদিন বৃহস্পতিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে যাচাই-বাছাইয়ের জন্য সংশোধিত কমিটি পাঠানো হয়। এতে সাহাব উদ্দিনের স্থলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুস সালামের নাম যুক্ত করা হয়। ইউএনও গতকাল সকালে সাহাব উদ্দিনকে বাদ দেওয়ার বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন।
মন্ত্রণালয়ে অভিযোগকারী মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান বলেন, ‘সাহাব উদ্দিন সারেন্ডার করা মুক্তিযোদ্ধা। তাঁকে যাচাই-বাছাই কমিটি থেকে বাদ দেওয়ায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের দাবি পূরণ হয়েছে।’
এদিকে ডেপুটি কমান্ডার আবদুস সালাম গতকাল সকালে নিজের নাম প্রত্যাহার চেয়ে উপজেলা যাচাই-বাছাই কমিটির সভাপতি ও সদস্যসচিবের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। কমান্ডারের নাম বাদ দেওয়াকে ষড়যন্ত্র উল্লেখ করে দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাকক্ষে কমান্ডারের সমর্থিত মুক্তিযোদ্ধারা প্রতিবাদ সভা করেন। এ সময় কমান্ডার সাহাব উদ্দিন, ডেপুটি কমান্ডার আবদুস সালাম, মুক্তিযোদ্ধা আবদুল বারি, তোফাজ্জল হোসেন ও সাহাব উদ্দিনের ছেলে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোখছেদুর রহমান বক্তব্য দেন। তাঁরা এ ষড়যন্ত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবেন।
মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সাহাব উদ্দিন বলেন, ‘আমি দুইবার নির্বাচিত কমান্ডার। মাত্র ১৪ জন মুক্তিযোদ্ধার কারণে আমাকে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। এর মাধ্যমে উপজেলার সব মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে। এ ব্যাপারে আমি মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে আইনানুগ ব্যবস্থা নেব।’
ডেপুটি কমান্ডার আবদুস সালাম বলেন, ‘কমান্ডারকে বাদ দেওয়াটা ষড়যন্ত্র। তিনি সুস্থ ও জীবিত থাকা অবস্থায় ওই পদ নিতে অনাগ্রহ জানিয়ে লিখিত দিয়েছি।’
যাচাই-বাছাই কমিটির সদস্যসচিব ও ইউএনও তরফদার সোহেল রহমান গতকাল বলেন, ‘মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের সংশোধিত কমিটি পেয়েছি। এতে কমান্ডার সাহাব উদ্দিনের স্থলে ডেপুটি কমান্ডার আবদুস সালামের নাম সংযুক্ত করা হয়েছে। এ কমিটি থেকে ডেপুটি কমান্ডার না থাকার জন্য লিখিত দিয়েছেন। এ ব্যাপারে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। আজ (গতকাল) দিনব্যাপী যাচাই-বাছাইয়ের কাজ চলছে। প্রয়োজনে সময় বাড়ানো হবে।’