উপজেলা কমান্ডারসহ পদধারী মুক্তিযোদ্ধাদের পদত্যাগের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের জিয়ানগরে বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় মাসুদ সাঈদীকে অংশ নিতে সহযোগিতা করার অভিযোগে মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা কমান্ডারসহ পদধারী মুক্তিযোদ্ধাদের পদত্যাগের দাবিতে মানববন্ধন হয়েছে।
গতকাল শনিবার দুপুর ১২টার দিকে জিয়ানগর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনের সড়কে ওই কর্মসূচি পালিত হয়। পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল লতিফ হাওলাদারের সভাপতিত্বে প্রতিবাদ সভা হয়।
জানতে চাইলে আবদুল লতিফ হাওলাদার বলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বেলায়েত হোসেনের সঙ্গে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীর সুসম্পর্ক রয়েছে। তিনি ও মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার স্বপন কুমার রায়ের সহযোগিতায় মাসুদ সাঈদী সংবর্ধনা সভায় অংশ নেন।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল রহমান, দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম হাওলাদার, মুক্তিযোদ্ধা রুহুল আমিন, আবুল কালাম আজাদ সিপাই, ফরিদ খান প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলা প্রশাসনের আমন্ত্রণে মুক্তিযোদ্ধারা বিজয় দিবসের অনুষ্ঠানে ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় অংশ নেন। সংবর্ধনার একপর্যায়ে দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদ সাঈদী উপস্থিত হন। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বেলায়েত হোসেনসহ কয়েকজন মুক্তিযোদ্ধা এ ব্যাপারে মাসুদ সাঈদীকে সহযোগিতা করেন। এ কারণে মুক্তিযোদ্ধা কমান্ডারসহ পদধারী অন্য মুক্তিযোদ্ধাদের পদত্যাগ করতে হবে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বেলায়েত হোসেন বলেন, ‘যাঁরা আমাদের পদত্যাগ দাবি করে মানববন্ধন করেছেন, তাঁরাও মাসুদ সাঈদীর হাত থেকে সম্মাননা নিয়েছেন। আমার বিরুদ্ধে আবদুল লতিফ ও মাহাবুবুল আলম মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার পদে নির্বাচন করে হেরেছেন। তাঁরা এ সুযোগ কাজে লাগিয়ে আমাদের পদত্যাগ দাবি করছেন। জিয়ানগরে ১৫৫ জন মুক্তিযোদ্ধা রয়েছেন। মানববন্ধনে মাত্র নয়জন মুক্তিযোদ্ধা অংশ নেন।’
১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এতে মুক্তিযোদ্ধাদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন মাসুদ সাঈদী। তিনি নিজের ফেসবুক পাতায় এ ছবি দিয়ে স্ট্যাটাস দেন। পরে এ নিয়ে ব্যাপক নিন্দার ঝড় ওঠে।