উপজেলা ঘোষণা না হওয়ায় হতাশ তালতলীর মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার বরগুনা সার্কিট হাউস মাঠের জনসভায় বরগুনার তালতলীকে উপজেলা ঘোষণা না দেওয়ায় তালতলীর সাধারণ মানুষ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরাও হতাশা ব্যক্ত করেছেন। তবে প্রধানমন্ত্রীর একান্ত সচিব গত বৃহস্পতিবার রাতে জানিয়েছেন, সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে শিগগিরই তালতলীতে উপজেলার কার্যক্রম শুরু হবে।তালতলী থানা ব্যবসায়ী সমিতি ও থানা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান বলেন, ‘অনেক আশা নিয়ে তাঁরা প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিয়েছিলেন। একটাই দাবি ছিল, তালতলী উপজেলা করতে হবে। কিন্তু প্রধানমন্ত্রীর মুখে সে ঘোষণা না শুনে আমরা হতাশ।’ তালতলী থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক জমাদ্দার বলেন, এখন জনগণকে বোঝানোর মতো কোনো ভাষা তাঁদের নেই। এদিকে তালতলীর উন্নয়নে সার্বিক বিষয়ের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর একান্ত সচিব নজরুল ইসলামকে গত বৃহস্পতিবার রাতেই তালতলী পাঠান। তাঁর সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার। তাঁরা স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করে অচিরেই তালতলীতে উপজেলার সব ধরনের প্রশাসনিক কার্যক্রম শুরুর আশ্বাস দেন। গোলাম সরোয়ার বলেন, এরই মধ্যে তালতলীর তিনটি ইউনিয়ন পুনর্গঠন করে সাতটি ইউনিয়নে রূপান্তরিত করা হয়েছে। সে সংক্রান্ত সচিব পর্যায়ের প্রশাসনিক আদেশ এরই মধ্যে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। অচিরেই এখানে উপজেলার কার্যক্রম শুরু হবে, এতে হতাশার কিছু নেই। নজরুল ইসলাম খান বলেন, ‘তালতলীকে উপজেলা করার ঘোষণা তো প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় দিয়েছেন। হয়তো ঘোষণাটি বক্তৃতার শেষে দেওয়ায় একটু ভুল বোঝাবুঝি হয়েছে।’