বরিশালের উজিরপুর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাংসদের ছেলেসহ ৩৫০ জনের বিরুদ্ধে গতকাল বুধবার তিনটি পৃথক মামলা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাংসদের প্রতিনিধি ও পুলিশ বাদী হয়ে থানায় এসব মামলা করে।
গত মঙ্গলবার বরিশাল-২ আসনের সাংসদ মনিরুল ইসলাম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে পুলিশ, সাংবাদিকসহ কমপক্ষে ৩০ জন আহত হন।
এলাকাবাসীর কয়েকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, মনিরুল ও আবুল কালাম আজাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গতকাল থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন বাদী হয়ে পুলিশের কাজে বাধা, হামলা ও অবরোধ সৃষ্টির অভিযোগ এনে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২৫০ জনের নামে একটি মামলা করেন। একই দিন আবুল কালাম আজাদ তাঁকে লক্ষ্য করে গুলি এবং হত্যার চেষ্টাসহ হামলা ও জখম করার অভিযোগ এনে সাংসদ মনিরুলের ছেলে রিয়াজুল ইসলামকে প্রধান আসামি করে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করে একটি মামলা করেন। এ ছাড়া সাংসদের প্রতিনিধি গুঠিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নাসির খান বাদী হয়ে আবুল কালাম আজাদকে প্রধান আসামিসহ অজ্ঞাতপরিচয় ৪০-৫০ জনকে আসামি করে একটি মামলা করেন।
উজিরপুর থানার এসআই হুমায়ুন কবির এসব মামলার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে জানান, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।